ব্রিকসের ঠিক আগে মোদী-পুতিন বৈঠক, কোন বিষয়ে আলোচনা? - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, September 8, 2026

ব্রিকসের ঠিক আগে মোদী-পুতিন বৈঠক, কোন বিষয়ে আলোচনা?


ন্যাশনাল ডেস্ক, ০৮ সেপ্টেম্বর ২০২৬: ভারতের সভাপতিত্বে আগামী ১২-১৩ সেপ্টেম্বর নয়াদিল্লীতে অনুষ্ঠিত হতে চলেছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন‌। এর ঠিক আগে, শুক্রবার (১১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি উচ্চ-পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেছেন যে, ভারতের সঙ্গে তার কৌশলগত সম্পর্ককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে মস্কো।


ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্যিক সম্পর্কের ওপর আলোকপাত করেছেন। পেসকভ বলেছেন যে, ভারত ও রাশিয়ার মধ্যে বেশিরভাগ বাণিজ্যিক লেনদেন এখন নিজ নিজ জাতীয় মুদ্রায় (রুপি এবং রুবল) সম্পন্ন হয়। তিনি বলেন, নিরাপত্তা, মহাকাশ, জ্বালানি, পরিবহন এবং বিজ্ঞান ও প্রযুক্তিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দুই দেশ একসঙ্গে কাজ করছে। এছাড়াও, দুই শীর্ষ নেতা নিয়মিত যোগাযোগ রাখছেন এবং সাম্প্রতিক মাসগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।


সূত্রমতে, প্রধানমন্ত্রী মোদী ও পুতিনের মধ্যকার এই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈশ্বিক ও দ্বিপাক্ষিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ভারতীয় সংস্থাগুলো রাশিয়ার বাজারে তাদের উপস্থিতি বাড়াতে আগ্রহ দেখাচ্ছে, অন্যদিকে রাশিয়াও ভারতীয় বাজারে তাদের পণ্য ও ব্যবসার প্রসার ঘটাতে আগ্রহী। চলমান সামরিক সংঘাত এবং সীমান্তের বর্তমান পরিস্থিতি নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হবে বলেও মনে করা হচ্ছে।


পাশাপাশি, উপসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা এবং বিশ্ব অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব নিয়েও আলোচনা হবে। রাশিয়া মনে করে যে, এই সাম্প্রতিক ঘটনাবলী বিশ্ব অর্থনীতি এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে প্রভাবিত করছে। সেইসঙ্গেই আন্তর্জাতিক পরিবহন করিডোর এবং লজিস্টিক প্রকল্পগুলোতে সহযোগিতা বাড়ানোর ওপরেও জোর দেওয়া হবে।


উল্লেখ্য, ভারতের সভাপতিত্বে নয়াদিল্লীর ভারত মণ্ডপমে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনটি ভারতের কৌশলগত ভারসাম্য এবং গ্লোবাল সাউথের কণ্ঠস্বরকে মজবুত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই শীর্ষ সম্মেলন চলাকালে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং আরও বেশ কয়েকজন বিশ্বনেতাদের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার সম্ভাবনা রয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad