ন্যাশনাল ডেস্ক, ১১ সেপ্টেম্বর ২০২৬: দিল্লীতে সেজে উঠেছে ব্রিকস শীর্ষ সম্মেলনের মঞ্চ। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং সহ অনেক বড় রাষ্ট্রপ্রধান ভারতে আসছেন, তাঁদের অভ্যর্থনার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে সবাইকে স্বাগত জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী শুক্রবার পোস্টে লিখেছেন যে, 'আগামী কয়েকদিনে ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য সারা বিশ্বের নেতারা একত্রিত হবেন। পূর্ণ আস্থা রয়েছে যে, এই সম্মেলনে বিশ্বের কল্যাণের জন্য বিভিন্ন বিষয়ে ইতিবাচক ও অর্থবহ আলোচনা হবে।' উল্লেখ্য, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন দিল্লিতে পৌঁছেছেন। অন্যদিকে, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ১২ই সেপ্টেম্বর ভারতে আসবেন।
প্রধানমন্ত্রী মোদী তাঁর পোস্টে একটি সংস্কৃত শ্লোকও যুক্ত করেছেন, "সদ্ভিরেব সহসিত সদ্ভিঃ কুরভীৎ সংতিয়াং। সদ্ভির্বিবাদাং মৈত্রীং চ নসদ্ভিঃ কিঞ্চিদাচরেৎ।" এর অর্থ, "সর্বদা ভালো মানুষের সঙ্গে বসা উচিৎ এবং ভদ্রলোকদের সঙ্গ রাখা উচিৎ। কেবল ভদ্রলোকদের সঙ্গেই বিতর্ক, সুস্থ আলোচনা, তর্ক এবং বন্ধুত্ব করা উচিৎ। দুষ্ট বা মন্দ লোকদের সঙ্গে যেকোনও ধরণের যোগাযোগ বা সম্পর্ক এড়িয়ে চলা উচিৎ।"
ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার ভোরেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দিল্লীতে এসে পৌঁছেছেন। তাঁর বিমান ভোর ৩টার দিকে নয়াদিল্লিতে অবতরণ করে, যেখানে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী কে ভি সিং। বিমানবন্দরে পুতিনকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অফ অনার দেওয়া হয়। এরপর তাঁর গাড়িবহর বিমানবন্দর থেকে দিল্লীর মৌর্য শেরাটন হোটেলের উদ্দেশ্যে রওনা হয়। প্রধানমন্ত্রী মোদী ও পুতিন আজ দিল্লীতে সাক্ষাৎ করবেন। এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
চীনের রাষ্ট্রপতি শি জিনপিংও ব্রিকস সম্মেলনে অংশ নিতে ভারতে আসছেন। তিনি ১২ই সেপ্টেম্বর, শনিবার দিল্লীতে পৌঁছাবেন। প্রায় সাত বছর পর শি জিনপিং ভারত সফর করছেন। তাই, ভারত-চীন সম্পর্কের ক্ষেত্রে এই সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদী এবং শি জিনপিংয়ের মধ্যে একটি বৈঠকও অনুষ্ঠিত হবে।


No comments:
Post a Comment