কলকাতা: বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, শুক্রবার থেকেই বিরাট ভোলবদল আবহাওয়ার। একাধিক জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। সাগরে ঘনীভূত হওয়া নিম্নচাপের জেরে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। তবে, বৃষ্টি হলেও গরম থেকে মিলছে না রেহাই।
হাওয়া অফিসের পূর্বাভাস, আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে শনিবার থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ বাংলাদেশ উপকূলের কাছাকাছি বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। অন্যদিকে, হরিয়ানা থেকে জম্মু ও এলাহাবাদ হয়ে একটি মৌসুমী অক্ষরেখা বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কেন্দ্রের সঙ্গে যুক্ত হয়েছে। এই দুই আবহাওয়া ব্যবস্থার প্রভাবেই বাংলার একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
শুক্রবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং রাতের তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিও বজায় থাকবে। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯৬ শতাংশের কাছাকাছি থাকতে পারে।
এদিন দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির দাপট বেশি থাকতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়াও কলকাতা, হাওড়া-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও অল্পবিস্তর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ।
অপরদিকে, উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। পাশপাশি বিভিন্ন জায়গায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। শনিবার উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। রবিবারও জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত ভাবে।
এছাড়াও সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

No comments:
Post a Comment