জনপ্রিয় ইনফ্লুয়েন্সার নিধি তিওয়ারির মৃত্যু! ঘরেই মিলল ঝুলন্ত দেহ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, September 28, 2026

জনপ্রিয় ইনফ্লুয়েন্সার নিধি তিওয়ারির মৃত্যু! ঘরেই মিলল ঝুলন্ত দেহ


বিনোদন ডেস্ক, ২৮ সেপ্টেম্বর ২০২৬: সোশ্যাল মিডিয়ায় বিপুল জনপ্রিয় ইনফ্লুয়েন্সার নিধি তিওয়ারির আকস্মিক মৃত্যু। শনিবার রাতে নিজের ঘরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। তাঁর এই আকস্মিক মৃত্যুর কারণ ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। মধ্যপ্রদেশের সিংগ্রৌলি জেলায় ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা।‌ নিধির মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর পরিবার, অনুরাগী ও পরিচিতরা। 


জানা গিয়েছে, ঘটনার সময় নিধি ফোনে এক যুবকের সঙ্গে কথা বলছিলেন। কথা বলার এক পর্যায়ে তাদের মধ্যে তর্ক শুরু হয়। মোরওয়া থানায় দায়ের করা রিপোর্ট এবং পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার রাত প্রায় ৮:২০ মিনিটের দিকে নিধি তিওয়ারি ভুসা মোড়ে তাঁর বাড়ির উপরের ঘরে ছিলেন। তিনি পাঞ্জাবের বাসিন্দা এবং এনসিএল কোম্পানিতে কর্মরত ইঞ্জিনিয়ার সোনু সিংয়ের সঙ্গে ফোনে কথা বলছিলেন।


কথোপকথনের সময় নিধি রেগে যান এবং গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করেন। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে সোনু সঙ্গে সঙ্গে নিধির মা হেমলতা তিওয়ারিকে ফোন করে বলেন, "আন্টি, উপরে যান। নিধি গলায় ফাঁস দিচ্ছে!"



ফোন পেয়ে মা তাঁর দুই মেয়েকে নিয়ে দ্রুত উপরের তলায় ছুটে যান, কিন্তু ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। এরপর তিনি সঙ্গে সঙ্গে তার জামাই নীলেশ মিশ্রকে ফোন করেন। তিনি পৌঁছানোর পর দরজা ভেঙে ভেতরে ঢোকা হয়। ভেতরের দৃশ্য ছিল ভয়াবহ। গলায় ওড়না বাঁধা অবস্থায় নিধি সিলিং ফ্যান থেকে ঝুলছিলেন। পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে ওড়নাটি কেটে তাঁকে নিচে নামিয়ে আনেন, গলার ফাঁস খুলে দেন এবং দ্রুত সিংগ্রৌলির এনসিএল হাসপাতালে নিয়ে যান। তবে, সেখানকার ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষার পর নিধিকে মৃত ঘোষণা করেন।


ঘটনা সম্পর্কে তথ্য পেয়ে মোরওয়া পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি কেস ফাইল তৈরি করে তদন্ত শুরু করেছে। মোরওয়া থানার কর্মকর্তা ডঃ জ্ঞানেন্দ্র সিং জানিয়েছেন যে, পুলিশ মামলার সমস্ত দিক নিবিড়ভাবে তদন্ত করছে। ফোন কল রেকর্ড এবং কথোপকথনের উপর ভিত্তি করে আত্মহত্যার আসল কারণ নির্ধারণের চেষ্টা করা হচ্ছে।


৩০ বছর বয়সী নিধি তিওয়ারি সোশ্যাল মিডিয়ায় একজন সুপরিচিত ব্যক্তিত্ব ছিলেন। ফেসবুকে তার প্রায় ৯ লক্ষ এবং ইনস্টাগ্রামে ৭ লক্ষেরও বেশি ফলোয়ার ছিল। তিনি স্থানীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন এবং বেশ কয়েকটি সৌন্দর্য প্রতিযোগিতায় খেতাব জিতেছিলেন। কিন্তু আচমকা তাঁর এই মৃত্যু যেন সেই সবকিছু শেষ করে দিল।

No comments:

Post a Comment

Post Top Ad