ন্যাশনাল ডেস্ক, ০৬ সেপ্টেম্বর ২০২৬: জাতিসংঘ সাধারণ পরিষদের 'কারেক্ট দ্য ম্যাপ' শীর্ষক প্রস্তাবের বিষয়ে ভারত বিবৃতি দিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল রবিবার (৬ সেপ্টেম্বর) একটি পোস্টে জানান যে, সমান-ক্ষেত্রফল বিশিষ্ট মানচিত্র প্রক্ষেপণের মধ্যে ভারসাম্য আনতে এবং বিশ্বের বিভিন্ন অঞ্চল, বিশেষ করে আফ্রিকার ন্যায্য প্রতিনিধিত্বকে উৎসাহিত করার জন্য একটি প্রস্তাব পেশ করা হয়েছে। জাতিসংঘের এই নতুন মানচিত্রের বিষয়ে ভারত এমন প্রতিক্রিয়া জানিয়েছে, যাতে সম্ভবত পাকিস্তান তেলে-বেগুনে জ্বলে উঠবে, এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহলের বড় একটা অংশ।
জয়সওয়াল বলেন যে, এই প্রস্তাবের লক্ষ্য হল মহাদেশীয় ভূখণ্ডগুলোর আপেক্ষিক আকার অক্ষুণ্ণ রেখে সমান-ক্ষেত্রফল বিশিষ্ট মানচিত্র প্রক্ষেপণের ব্যবহারকে উৎসাহিত করা। এই প্রস্তাবটি কোনও নির্দিষ্ট বৈশ্বিক মানচিত্র গ্রহণ বা অনুমোদন করে না এবং এটি আন্তর্জাতিক সীমানা, বিতর্কিত অঞ্চল বা স্থানের নামসহ রাজনৈতিক মানচিত্রায়নের বিষয়টিও অন্তর্ভুক্ত করে না।
তিনি জানান যে, ভারত জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে এবং সমান-ক্ষেত্রফল বিশিষ্ট মানচিত্র প্রতিনিধিত্বকে উৎসাহিত করার মৌলিক নীতির ওপর জোর দিয়ে তার ভোটের কারণ ব্যাখ্যা করেছে। তিনি ব্যাখ্যা করেন যে, ভারত এও জোর দিয়েছে, এই প্রস্তাবটি কোনও নির্দিষ্ট মানচিত্র, প্রক্ষেপণ বা জাতীয় সীমানার চিত্রায়নকে সমর্থন করে না।
জম্মু-কাশ্মীর এবং কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ সহ ভারতের সার্বভৌম অঞ্চলগুলিকে ভারতের সরকারি মানচিত্র অনুযায়ী চিত্রিত করা উচিৎ। ভারত এও স্পষ্ট করেছে যে, কোনও অবস্থাতেই কোনও ভুল বা বিভ্রান্তিকর মানচিত্র গ্রহণযোগ্য নয়। ভারতের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার বিষয়ে আমাদের অবস্থান সুস্পষ্ট।
উল্লেখ্য, এই প্রস্তাবের উদ্দেশ্য হল এমন বিশ্ব মানচিত্র তৈরি করা, যা দেশ ও মহাদেশগুলোর আয়তনকে তাদের প্রকৃত অনুপাতের আরও কাছাকাছি প্রতিফলিত করে। প্রস্তাবটি ১৬৪টি দেশ সমর্থন করে, যেখানে শুধুমাত্র যুক্তরাষ্ট্র এর বিরোধিতা করে এবং ছয়টি দেশ ভোটদানে বিরত থাকে।


No comments:
Post a Comment