পাক বধ করে সোনার হাসি, এশিয়ান গেমসে ক্রিকেটে ভারতের জয়জয়কার - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, October 3, 2026

পাক বধ করে সোনার হাসি, এশিয়ান গেমসে ক্রিকেটে ভারতের জয়জয়কার


স্পোর্টস ডেস্ক, ০৩ অক্টোবর ২০২৬: এশিয়ান গেমসে ক্রিকেটে সাফল্যের শীর্ষে ভারত। ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে সোনার পদক জিতে নিল ভারতীয় পুরুষ ক্রিকেট দল। শনিবার পুরুষদের ক্রিকেট ফাইনালে পাকিস্তানকে ১৯ রানে পরাজিত করেছে ভারত। নিসিন সিটির করোগি স্পোর্টস পার্কে আয়োজিত এই ম্যাচে ভারত ২১২ রানের লক্ষ্যমাত্রা দেয় আর পাকিস্তান দল ছয় উইকেট হারিয়ে ১৯২ রান করেই গুটিয়ে যায়।


এদিন প্রথমে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১১ রান সংগ্রহ করে। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাকিস্তানের বোলারদের ঝপর চাপ তৈরি করেন ভারতীয় দলের ব্যাটাররা। বড় রান তোলার পাশাপাশি শেষের ওভারগুলিতেও দ্রুত রান সংগ্রহ করে ভারত লড়াইয়ের জন্য শক্ত ভিত তৈরি করে।


জবাবে ২১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯২ রানেই থেমে যায়। লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান স্থির সূচনা করে। অধিনায়ক সাহেবজাদা ফারহান (১১ বলে ১০ রান) এবং মাআজ সাদাকাত প্রথম উইকেটে ৩৩ রান যোগ করেন। চতুর্থ ওভারে ফারহানকে আউট করে ওয়াশিংটন সুন্দর এই জুটি ভাঙেন। শীঘ্রই পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৩৯ রান। 


এরপর অক্ষর প্যাটেল পঞ্চম ওভারে উইকেটরক্ষক উসমান খানকে (৬ বলে ৩ রান) এবং সপ্তম ওভারে সাদাকাতকে আউট করেন। সাদাকাত তিনটি চারসহ ১৮ বলে ২৩ রান করেন। এরপর হাসান নওয়াজ ও সাইম আইয়ুব চতুর্থ উইকেটে ৮৭ রান যোগ করেন। ১৫তম ওভারে শিবম দুবের হাতে ক্যাচ দিয়ে আউট হন আয়ুব। তিনি দুটি চার ও একটি ছক্কার সাহায্যে ২২ বলে ২৯ রান করেন। আব্দুল সামাদ ৯ বলে ৯ রান করে ১৮তম ওভারে সুন্দরের হাতে ক্যাচ দিয়ে আউট হন।


এর আগে, টসে জিতে ভারত নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ২১১ রান করে। টি-টোয়েন্টিতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে এটি ভারতের সর্বোচ্চ স্কোর। ভারতের শুরুটা ভালো ছিল না। বৈভব সূর্যবংশী দুটি ছক্কা সহ ৯ বলে ১৫ রান করে আউট হন। তৃতীয় ওভারে সাইম আইয়ুবের বলে প্যাভিলিয়নে ফেরেন তিনি। সূর্যবংশী অভিষেক শর্মার সঙ্গে ২৮ রানের উদ্বোধনী জুটি গড়েন। সঞ্জু স্যামসনও খাতা খুলেই (৪ বলে ২ রান) প্যাভিলিয়নে ফেরেন। চতুর্থ ওভারে আহমেদ দানিয়ালের বলে আউট হন তিনি।


অবশ্য ওপেনার অভিষেক শর্মা নিরাশ করেননি। ঝড়ো অর্ধশতকের ইনিংস খেলেন অভিষেক। তিনি ২৮ বলে তিনটি চার ও সাতটি ছক্কা-সহ ৬১ রান করেন। তিনি শ্রেয়াস আইয়ারের সঙ্গে তৃতীয় উইকেটে ৪২ রানের জুটি গড়েন। অষ্টম ওভারে আরাফাত মিনহাসের বলে স্টাম্প আউট হন অভিষেক। ১৪তম ওভারে আরাফাত ঈশান কিষানকে (১৮ বলে ২০ রান, তিনটি চার) আউট করেন। আইয়ারের সঙ্গে চতুর্থ উইকেটে ৩৫ রান যোগ করেন ঈশান। 


ভারতের পঞ্চম উইকেটটি আসে আইয়ারের রূপে। তিনি ২৪ বলে দুটি চারসহ ২১ রান করেন। ১৫তম ওভারে আবরার আহমেদের বলে তিনি আউট হন। আইয়ার যখন ফিরে আসেন, তখন ভারতের স্কোর ছিল ১৩৩। এরপর শিবম দুবে ও তিলক ভার্মা একটি ঝোড়ো ইনিংস খেলেন। তাঁরা ষষ্ঠ উইকেটে ৩০ বলে ৬২ রান যোগ করেন। ২০তম ওভারের প্রথম বলেই দুবেকে আউট করেন দানিয়াল। তিনি ১৫ বলে দুটি চার ও দুটি ছক্কাসহ ২৭ রান করেন। সহ-অধিনায়ক তিলক তিনটি চার ও চারটি ছক্কা মেরে ২২ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন। ভারত শেষ চার ওভারে ৬৯ রান সংগ্রহ করে।


উল্লেখ্য, এদিনের এই জয়ের ফলে এশিয়ান গেমসের ক্রিকেটে ভারতের সাফল্যের মুকুটে আরও একটি সোনার পালক যুক্ত হল। বিশেষ করে ফাইনালে পাকিস্তানের মতো প্রতিপক্ষকে হারিয়ে সোনা জয় ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্যও নিঃসন্দেহে বড় আনন্দের খবর। পাশাপাশি, এশিয়ান গেমসের মঞ্চে ভারতীয় ক্রিকেট দলের এই জয় দেশের ক্রীড়াক্ষেত্রে আরও এক স্মরণীয় অধ্যায় তৈরি করল।

No comments:

Post a Comment

Post Top Ad