ন্যাশনাল ডেস্ক, ৩১ অক্টোবর ২০২৬: ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব ইতিমধ্যেই একাধিক রাজ্যে গভীর ভাবে দেখা গিয়েছে। এরই মাঝে আরও এক ঘূর্ণিঝড় ধেয়ে আসছে বলে আশঙ্কা। বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ও আন্দামান সাগরের উপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সেটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর আগামীকাল আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ২ নভেম্বর নাগাদ অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি পৌঁছে ঘূর্ণিঝড়টি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছে যেতে পারে। নতুন এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আবহাওয়ার দ্রুত পরিবর্তন ঘটবে। একাধিক রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়ের প্রভাবে ২ নভেম্বর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ও ইয়ানামে অতি ভারী বৃষ্টি হতে পারে। ৩ নভেম্বরও সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, ২ ও ৩ নভেম্বর রায়লসীমায় এবং ৩ ও ৪ নভেম্বর ওড়িশায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, দক্ষিণ ভারতে ৩১শে অক্টোবর থেকে ৬ই নভেম্বরের মধ্যে তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, ৩১শে অক্টোবর এবং ৩-৪ঠা নভেম্বরে কেরালা, মাহেতে, ১-৬ই নভেম্বরের মধ্যে লাক্ষাদ্বীপে, ৩১শে অক্টোবর থেকে ১ ও ৪-৬ই নভেম্বরের মধ্যে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, উপকূলীয় কর্ণাটক, রায়লসীমা ও তেলেঙ্গানায় এবং ৩১শে অক্টোবর থেকে ১লা নভেম্বর এবং ৫-৬ই নভেম্বরের মধ্যে উত্তর অভ্যন্তরীণ কর্ণাটক ও দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে।
পাশাপাশি ২ থেকে ৪ নভেম্বরের মধ্যে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, রায়লসীমা এবং ২ থেকে ৩ নভেম্বরের মধ্যে তেলেঙ্গানার বিচ্ছিন্ন কিছু স্থানে বজ্রঝড়, বিদ্যুৎ চমক ও প্রবল ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও, ১ থেকে ৪ নভেম্বরের মধ্যে কেরালা, মাহে, উত্তর অভ্যন্তরীণ কর্ণাটক এবং দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকে, ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম ও রায়লসীমাতে এবং ৩১ অক্টোবর থেকে ১ ও ৪ নভেম্বরের মধ্যে তেলেঙ্গানায় প্রবল ঝড়ো হাওয়া বইবে।
পূর্ব ভারতে ভারী বৃষ্টির সতর্কতা-
এছাড়াও, পূর্ব ভারতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ৩১শে অক্টোবর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অতি ভারী বৃষ্টিপাত হবে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ১ থেকে ৬ নভেম্বর পর্যন্ত, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উপ-হিমালয় পশ্চিমবঙ্গ এবং সিকিমে ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত, ঝাড়খণ্ডে ৩১ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত, বিহারে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত এবং ওড়িশায় ৬ নভেম্বর পর্যন্ত বৃষ্টিপাত হবে। এর মধ্যে, ৩ এবং ৪ নভেম্বর ওড়িশার কিছু অংশে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এদিকে, উত্তর ভারতে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে এবং এর প্রভাব আগামী কয়েকদিন থাকবে। দিল্লী, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড এবং দেশের অন্যান্য অংশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

No comments:
Post a Comment