সৌমিতা চক্রবর্তী, প্রেসকার্ড নিউজ: দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। আর দুর্গাপুজো মানেই নতুন জামাকাপড়, আড্ডা, আনন্দ আর অবশ্যই জমিয়ে খাওয়া-দাওয়া। পুজোর কয়েকটা দিন বাঙালির রান্নাঘরেও আয়োজন করা হয় হরেক রকমের বিশেষ পদ। এর মধ্যে মিষ্টি তো রয়েছেই। আর এই তালিকায় পায়েসের স্থান অন্যতম। তবে, সেই পায়েসের সঙ্গেই যদি যোগ হয় মুচমুচে লুচি, তাহলে তৈরি হবে একেবারে অন্যরকম স্বাদের এক মিষ্টি; নাম লুচির পায়েস। খুব সহজেই ও সামান্য উপকরণে তৈরি করা যায় এই মিষ্টি পদটি।
উপকরণ:-
লুচির জন্য-
- ময়দা – ১ কাপ
- নুন – এক চিমটে
- সাদা তেল বা ঘি – ১ চা-চামচ
- জল প্রয়োজনমতো
- ভাজার জন্য তেল
পায়েসের জন্য-
- ফুল-ফ্যাট দুধ – ১ লিটার
- চিনি – ৫-৬ টেবিল চামচ বা স্বাদমতো
- এলাচ – ৩–৪টি
- কাজু – ২ টেবিল চামচ
- কিশমিশ – ১ টেবিল চামচ
- পেস্তা ও আমন্ড কুচি – ১ টেবিল চামচ
- ঘি – ১ চা-চামচ
- জাফরান – সামান্য (ঐচ্ছিক)
- গোলাপজল – ১/২ চা-চামচ, চাইলে
কীভাবে তৈরি করবেন:-
প্রথমে ময়দার সঙ্গে নুন ও এক চা-চামচ ঘি বা তেল মিশিয়ে নিন। অল্প অল্প জল দিয়ে নরম কিন্তু শক্তপোক্ত একটি ময়দার ডো তৈরি করুন। কিছুক্ষণ ঢেকে রেখে দিন।
এরপর ছোট ছোট লেচি কেটে পাতলা করে লুচি বেলে নিন। এরপর কড়াইয়ে তেল গরম করে ফুলকো ফুলকো লুচি ভেজে তুলে রাখুন। লুচি যেন খুব বেশি কালচে না হয়, সেদিকট খেয়াল রাখতে হবে।
এবার পায়েস তৈরির পালা। প্রথমেই একটি তলাভারী পাত্রে দুধ নিয়ে মাঝারি আঁচে জ্বাল দিন। দুধ ফুটে উঠলে আঁচ কমিয়ে ক্রমাগত নাড়তে থাকুন। দুধ কিছুটা ঘন হয়ে এলে চিনি ও এলাচ দিয়ে আরও কয়েক মিনিট ফুটিয়ে নিন।
অন্যদিকে একটি প্যানে সামান্য ঘি গরম করে কাজু ও কিশমিশ হালকা ভেজে তুলে নিন। এরপর এগুলি পায়েসে দিয়ে দিন। চাইলে সামান্য জাফরানও দিতে পারেন এই সময়।
দুধ ভালোভাবে ঘন হয়ে এলে আঁচ একেবারে কমিয়ে ভাজা লুচিগুলি ছোট (চার-পাঁচ) টুকরো করে পায়েসের মধ্যে দিয়ে দিন। খুব বেশি সময় রান্না করবেন না—লুচি যাতে পুরোপুরি গলে না যায়, সেদিকে নজর রাখতে হবে। শেষে পেস্তা-আমন্ড কুচি দিয়ে দিন এবং সামান্য গোলাপজল ছিটিয়ে আঁচ নিভিয়ে দিন।
লুচির পায়েস গরম কিংবা ঠাণ্ডা- দু'ভাবেই পরিবেশন করা যায়। তবে ঠাণ্ডা পরিবেশন করলে পায়েস আরও ঘন হয় এবং লুচির সঙ্গে দুধের মিষ্টি স্বাদ ভালোভাবে মিশে যায়। এটা পুজোর ভোগেও নিবেদন করতে পারেন। তাছাড়া পরিবারে সকলকে মিষ্টিমুখ করাতে কিংবা অতিথি আপ্যায়নের জন্যও এই লুচির পায়েস হতে পারে দারুণ এক আয়োজন।

No comments:
Post a Comment