নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা: ২০২০ সালের ১০ ডিসেম্বর, শিরাকোলে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় তদন্তে নয়া মোড়! হামলার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এবার জাহাঙ্গীর খান ওরফে ফলতার পুষ্পাকে মামলায় নতুন করে যুক্ত করে গ্রেফতার দেখাল উস্তি থানার পুলিশ। তাঁকে নিয়ে এই মামলায় মোট চারজনকে গ্রেফতার করা হল। অস্ত্র আইনে নতুন করে মামলা রুজু হল। মঙ্গলবার রাতে এই বিষয়ে বার্তা দিয়েছেন ডায়মন্ড হারবার পুলিশ চলার অতিরিক্ত পুলিশ (জোনাল) সুপার অভিষেক মজুমদার।
পুলিশ সুপার জানান, এই মামলায় তৌসিফ আহমেদ, আরিফ হোসেন ও আনিসুর রহমানকে গ্রেফতার করা হয়েছিল। জাহাঙ্গীর খান চতুর্থ গ্ৰেফতার। তিনি জানান, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে দুটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে বলে দাবী পুলিশের। নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় ধৃতদের প্রত্যেকের ঠিক কী ভূমিকা ছিল, উদ্ধার হওয়া অস্ত্রগুলি কোথা থেকে এল এবং ঘটনায় আরও কেউ জড়িত কি না—তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
জাহাঙ্গীর খানকে এই মামলায় যুক্ত করার প্রতিক্রিয়ায় স্থানীয় বিজেপি নেতা পার্থসারথি ঘোষ, “জাহাঙ্গীর ছিল যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডান হাত। তোলাবাজি চালাত। ভোট করতে দেয়নি। নিজের মতো শাসন চালিয়েছে। প্রচুর লোক ঘরছাড়া ছিল। তিনি এখন পাপের ফল ভোগ করছে।”
উল্লেখ্য, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ফলতায় ভোটের দিন কারচুপির অভিযোগ ওঠে। ওই কেন্দ্রে পুনরায় ভোট ঘোষণা করে নির্বাচন কমিশন। ভোটের দিন যেই দাপট ফলতার তৎকালীন তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান দেখিয়েছিলেন, নাটকীয় ভাবে পনঃনির্বাচনের দু'দিন আগে তিনিই ভোটের ময়দান থেকে সরে দাঁড়ান। এরপর বেশ কয়েকদিন গা ঢাকা দিয়ে থাকার পর পুলিশ তাঁকে গ্ৰেফতার করে। এবারে নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় তাঁকে গ্ৰেফতার করল পুলিশ।

No comments:
Post a Comment