বিনোদন ডেস্ক, ০৭ অক্টোবর ২০২৬: রেজালা মানেই মশলার মৃদু সুবাস, ঘন ও মোলায়েম গ্রেভি এবং দারুণ স্বাদ। সাধারণত মাংস দিয়ে রেজালা রান্না হলেও নিরামিষপ্রেমীদের জন্য পনির দিয়ে তৈরি করা যেতে পারে সুস্বাদু পনির রেজালা। পেঁয়াজ, দই, কাজুবাদাম ও হালকা মশলার মিশ্রণে তৈরি এই পদটি রুটি, পরোটা, নান কিংবা পোলাওয়ের সঙ্গে জাস্ট জমে যায়। আর এখন তো পুজোর গন্ধ আকাশে বাতাসে । এই সময় ঘরে একটু ভালোমন্দ খাওয়া বা অতিথি আপ্যায়নের বিশেষ মেনুতেও রাখতে পারেন এই পদ। আসুন জেনে নিই পদটি।
উপকরণ
পনির – ২৫০ গ্রাম
টক ন্দই – ১/২ কাপ
কাজুবাদাম – ১০-১২টি
পোস্ত – ১ টেবিল চামচ
আদা বাটা – ১ চা চামচ
কাঁচালঙ্কা – ২টি
দুধ – ১/২ কাপ
গোলমরিচ গুঁড়ো – ১/২ চা চামচ
সাদা গোলমরিচ গুঁড়ো – ১/৪ চা চামচ
গরম মশলা গুঁড়ো – ১/২ চা চামচ
দারচিনি – ১ টুকরো
ছোট এলাচ – ২টি
লবঙ্গ – ২টি
তেজপাতা – ১টি
ঘি – ১ টেবিল চামচ
সাদা তেল – প্রয়োজনমতো
চিনি – ১/২ চা চামচ
নুন – স্বাদমতো
কেওড়া জল – কয়েক ফোঁটা (ঐচ্ছিক)
প্রস্তুত প্রণালী
প্রথমে কাজুবাদাম ও পোস্ত সামান্য গরম জলে ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ পর এগুলি মিহি করে বেটে নিন। পনির মাঝারি আকারের টুকরো করে কেটে হালকা গরম জলে কয়েক মিনিট ভিজিয়ে রাখুন। এতে করে পনির নরম থাকবে।
এরপর একটি পাত্রে সামান্য জল দিয়ে দই ভালো করে ফেটিয়ে রাখুন, যাতে রান্নার সময় দই কেটে না যায়।
এবারে কড়াইয়ে সামান্য তেল গরম করে পনিরের টুকরোগুলি হালকা করে ভেজে তুলে নিন। একই কড়াইয়ে ঘি দিয়ে তেজপাতা, দারুচিনি, এলাচ ও লবঙ্গ ফোড়ন দিন। মাঝারি আঁচে ভালো করে নাড়তে থাকুন। গন্ধ বের হলে আদা বাটা দিয়ে রান্না করুন, যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। তারপর আঁচ কমিয়ে ফেটানো দই অল্প অল্প করে দিয়ে ক্রমাগত নাড়তে থাকুন। এরপর কাজু-পোস্তর পেস্ট, নুন ও সামান্য চিনি দিয়ে মিশিয়ে নিন।
মিশ্রণটি থেকে তেল ছাড়তে শুরু করলে দুধ ও প্রয়োজনমতো সামান্য গরম জল দিন। এবার ভাজা পনিরের টুকরোগুলি দিয়ে ঢেকে কম আঁচে কয়েক মিনিট রান্না করুন। শেষে গোলমরিচ গুঁড়ো, সাদা গোলমরিচ গুঁড়ো ও গরম মশলা ছড়িয়ে হালকা হাতে একটু নেড়েচেড়ে দিন। এবারে আঁচ নিভিয়ে দিতে হবে। কিন্তু তার আগে কয়েক ফোঁটা কেওড়া জল ও সামান্য ঘি ছড়িয়ে দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিলেই তৈরি সুস্বাদু পনির রেজালা। গরম গরম পরিবেশন করুন ভাত, বাসন্তী পোলাও, জিরা রাইস, লুচি, পরোটা বা নানের সঙ্গে।

No comments:
Post a Comment