নানা পাটেকরের প্রয়াণে শ্রদ্ধা প্রসেনজিৎ-জিতের! '৭৫-এ থামল গাড়ি', লিখলেন হিরণ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, October 8, 2026

নানা পাটেকরের প্রয়াণে শ্রদ্ধা প্রসেনজিৎ-জিতের! '৭৫-এ থামল গাড়ি', লিখলেন হিরণ


বিনোদন ডেস্ক, ০৮ অক্টোবর ২০২৬: অভিনেতা নানা পাটেকরের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন জগত। বৃহস্পতিবার ভোরে গোয়ায় নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বর্ষীয়ান অভিনেতার। এই খবর ছড়িয়ে পড়তেই বলিউড থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তের শিল্পীরা সমাজমাধ্যমে শোক প্রকাশ করেছেন। সেইসঙ্গে ডুব দিয়েছেন স্মৃতির সাগরে। বাংলার একাধিক তারকাও রয়েছেন সেই তালিকায়। নানা পাটেকরের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ। বর্ষীয়ান অভিনেতার প্রয়াণে অভিনেতা তথা রাজনীতিক হিরণ চট্টোপাধ্যায়ও। 

নানা পাটেকরের প্রয়াণে আবেগঘন বার্তা দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি এক্স পোস্টে প্রয়াত অভিনেতার ছবি পোস্ট করে লিখেছেন, "ভারতীয় চলচ্চিত্রে নানা পাটেকরের চলে যাওয়া এক গভীর বেদনার ক্ষতি। তাঁর কাজ এবং অসাধারণ প্রতিভার আমি বরাবরই ভক্ত। তাঁর বলিষ্ঠ অভিনয় আমাকে সহ প্রজন্মের পর প্রজন্ম অভিনেতাদের অনুপ্রাণিত করেছে। তাঁর আত্মা শান্তিতে থাকুক এবং তাঁর কীর্তি চিরকাল বেঁচে থাকুক।"



হিরণ চট্টোপাধ্যায় লিখেছেন, "৭৫-এ গাড়ি থামল, ভালো থাকবেন, স্যার।" তিনি আরও লেখেন, "ভারতীয় চলচ্চিত্রে কিছু শিল্পী থাকেন, যাঁদের শুধু অভিনেতা বলে পরিচয় দেওয়া যায় না-তাঁরা নিজেরাই এক একটি অভিনয়ের প্রতিষ্ঠান। নানা পাটেকর ছিলেন তেমনই একজন। তাঁর কণ্ঠের দৃঢ়তা, চোখের ভাষা, সংলাপ বলার অনন্য ভঙ্গি এবং চরিত্রের গভীরে পৌঁছে যাওয়ার অসাধারণ ক্ষমতা তাঁকে প্রজন্মের পর প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখবে.....কত রকম চরিত্র, কত ভিন্ন রূপ; প্রতিটি অভিনয়েই তিনি নিজস্ব একটি ছাপ রেখে গেছেন। তিনি তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং পদ্মশ্রী-সহ বহু সম্মানে ভূষিত হয়েছেন।"


তাঁর সংযোজন, "আজকের প্রজন্ম তাঁকে হয়তো অনেক সময় রিলের কয়েক সেকেন্ডের দৃশ্যে দেখে চিনবে। কিন্তু তাঁর অভিনয়ের ব্যাপ্তি বুঝতে হলে তাঁর গোটা সিনেমাগুলি দেখতে হবে। তখনই বোঝা যাবে, কেন নানা পাটেকর শুধু একজন তারকা ছিলেন না-তিনি ছিলেন একজন অসামান্য অভিনেতা, থিয়েটার শিল্পী ও চলচ্চিত্র নির্মাতা। পর্দা থেকে মানুষ চলে যান, কিন্তু সত্যিকারের শিল্পীরা কখনও চলে যান না। তাঁদের সৃষ্টি, তাঁদের চরিত্র, তাঁদের কণ্ঠ আর তাঁদের অভিনয় থেকে যায় মানুষের স্মৃতিতে। নানা পাটেকর-আপনার অভিনয় আমাদের মনে বেঁচে থাকবে।"


অন্যদিকে, নানা পাটেকরের একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করে নিয়েছেন জিৎ। ছবির সঙ্গে তিনি লিখেছেন, "নানা পাটেকরের প্রয়াণের খবর অত্যন্ত কষ্টের। ভারতীয় সিনেমা এমন একজন শিল্পীকে হারাল, যাঁর প্রতিভা ও ব্যক্তিত্ব ছিল সত্যিই অনন্য।” অভিনেতার অভিনয় যে তাঁকেও গভীর ভাবে প্রভাবিত করেছে, সে কথাও জানিয়েছেন জিৎ। তাঁর কথায়, “তাঁর শক্তিশালী অভিনয় বহু প্রজন্মের অভিনেতাকে অনুপ্রাণিত করেছে। আমিও তাঁর কাজের একজন গভীর অনুরাগী।” প্রয়াত অভিনেতার আত্মার শান্তি কামনা করে জিৎ লেখেন, "তাঁর শিল্পসত্তা এবং উত্তরাধিকার চিরকাল বেঁচে থাকবে।"


উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে প্রয়াত হয়েছেন অভিনেতা নানা পাটেকর। তাঁর এই আকস্মিক মৃত্যুতে দেশবাসী স্তব্ধ। এমন দক্ষ একজন অভিনেতাকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। অভিনয়ের পাশাপাশি থিয়েটার এবং চলচ্চিত্র নির্মাণেও নানা পাটেকরের অবদান ছিল উল্লেখযোগ্য। পাঁচ দশকেরও বেশি সময়ের কর্মজীবনে তিনি ভারতীয় সিনেমায় যে ছাপ রেখে গিয়েছেন, তাঁ যে কখনও ভোলার নয়, সেটা আরও একবার মনে করিয়ে দিয়েছেন বাংলার তারকারা।

No comments:

Post a Comment

Post Top Ad