ফাঁসির রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মুসকান-সাহিল - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, October 24, 2026

ফাঁসির রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মুসকান-সাহিল


ন্যাশনাল ডেস্ক, ২৪ অক্টোবর ২০২৬: মিরাটের চর্চিত নীল ড্রাম হত্যাকাণ্ডে ফাঁসির সাজাপ্রাপ্ত মুসকান রাস্তোগী ও সাহিল শুক্লা এবার এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। মিরাটের জেলা আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তাঁরা আপিল দায়ের করেছেন। গত ১৪ অক্টোবর আদালত দু’জনকেই মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছিল। এবার নিম্ন আদালতের সেই রায় খারিজ করার আর্জি জানিয়েছেন তাঁরা।


এই মামলা মার্চেন্ট নেভির কর্মী সৌরভ রাজপুতের হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত। ২০২৫ সালের মার্চ মাসে খুন করা হয় সৌরভকে। এই ঘটনায় তাঁর স্ত্রী মুসকান রাস্তোগী ও সাহিল শুক্লা অভিযুক্ত ছিলেন। মামলার শুনানি শেষে আদালত দু’জনকেই দোষী সাব্যস্ত করে এবং পরে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করে।


মিরাটের জেলা আদালত গত ৩০ সেপ্টেম্বর মুসকান ও সাহিলকে খুন এবং প্রমাণ লোপাটের অভিযোগে দোষী সাব্যস্ত করে। এরপর ১৪ অক্টোবর দু’জনকে ফাঁসির সাজা শোনানো হয়। এবার হাইকোর্টে দায়ের করা আপিলে তাঁরা শুধু মৃত্যুদণ্ডের সাজাকেই নয়, দোষী সাব্যস্ত করার সিদ্ধান্তকেও চ্যালেঞ্জ জানিয়েছেন।


প্রায় ১৩ মাস ধরে এই মামলার শুনানি চলে। এই সময়ে আদালতে মোট ১২৬ বার শুনানি হয় এবং অভিযুক্তদের বিরুদ্ধে ২২ জন সাক্ষীকে পেশ করে পক্ষের আইনজীবীরা। তাঁদের মধ্যে ছিলেন ছুরি, নীল ড্রাম এবং অন্যান্য সামগ্রী কেনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা। এছাড়াও হোটেলের ম্যানেজার ও গাড়িচালকদের বয়ান নথিভুক্ত করা হয়েছিল।


এবার হাইকোর্টে এই আপিলের পরবর্তী শুনানি হবে। আদালতে দু’পক্ষের বক্তব্য শোনা হবে। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে, নিম্ন আদালতের রায়ে কোনও পরিবর্তন করা হবে কি না। আপাতত মুসকান ও সাহিলের দায়ের করা আপিলের বিষয়ে হাইকোর্টের রায়ের অপেক্ষা।

No comments:

Post a Comment

Post Top Ad