বিনোদন ডেস্ক, ০৪ অক্টোবর ২০২৬: সকালের জলখাবার হোক বা বিকেলের বা হালকা খিদে—পরোটা অনেকেরই পছন্দের খাবারের তালিকায় বরাবরই উপরের দিকে। তবে, প্রতিদিনের চেনা ছকের বাইরে যদি দুধ দিয়ে পরোটা তৈরি করা যায়, তাহলে সেটা হবে নরম ও সুস্বাদু। আর স্বাদেও আসবে একেবারে নতুনত্ব। বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই দুধ পরোটা। দুধের মোলায়েম স্বাদ এবং পরোটার হালকা মিষ্টি ভাব শিশু থেকে বড়—সবারই খেতে ভালো লাগতে পারে। আসুন জেনে নিই এর রেসিপি।
উপকরণ
ময়দা – ২ কাপ
দুধ – ১ কাপ
চিনি – ১-২ টেবিল চামচ
নুন – এক চিমটি
ঘি বা সাদা তেল – প্রয়োজনমতো
এলাচ গুঁড়ো – সামান্য (ঐচ্ছিক)
প্রস্তুত প্রণালী
প্রথমে একটি বড় পাত্রে ময়দা, চিনি ও এক চিমটি নুন ভালো করে মিশিয়ে নিন। এবার অল্প অল্প করে দুধ দিয়ে ময়দা মেখে নরম একটি মণ্ড তৈরি করুন। খেয়াল রাখবেন, মণ্ডটি খুব শক্ত বা অতিরিক্ত নরম যেন না হয়।
এরপর মণ্ডের উপর সামান্য ঘি বা তেল মাখিয়ে ঢেকে প্রায় ১৫-২০ মিনিট রেখে দিন। এরপর মণ্ডটি আবার একবার ভালো করে মেখে সমান আকারের কয়েকটি লেচি কেটে নিন।
তারপর একটি লেচি নিয়ে সামান্য শুকনো ময়দা ছড়িয়ে গোল বা নিজের পছন্দের আকারে বেলে নিন। চাইলে পরোটাকে একটু মোটা করে বেলতে পারেন, এতে পরোটা আরও নরম থাকবে।
এবার তাওয়া গরম করে পরোটা দিয়ে দু’পিঠ হালকা সেঁকে নিন। এরপর সামান্য ঘি বা তেল দিয়ে দু’পিঠ ভালোভাবে ভেজে নিন। পরোটার ভাজা হয়ে হালকা সোনালি রঙ ধরলেনামিয়ে নিন। এভাবেই একে একে সব পরোটা তৈরি করে নিন এবং গরম গরম পরিবেশন করুন। সকালের জলখাবার বা টিফিনে এটি বেশ উপযোগী।

No comments:
Post a Comment