নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ: নিজের বাড়িতেই অগ্নিদগ্ধ সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস।সামশেরগঞ্জের ডাকবাংলো এলাকায় সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়ি। শনিবার সেই বাড়িতেই আগুন লেগে যায়। সেই সময় বাড়িতেই ছিলেন ঋতব্রত-তৃণমূলের বিধায়ক। বায়রন বিশ্বাসকে প্রথমে তাঁরই মালিকাধীন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বিধায়কের অবস্থা বেশ আশঙ্কাজনক বলেই খবর।
বিধায়কের এই বাড়ি থেকেই চলে তাঁদের বিড়ির ব্যবসাও। ফলে কী ভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। সব দিক খতিয়ে দেখছে পুলিশ। বায়রনের দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, বিধায়কের শারীরিক অবস্থার খোঁজখবর নেবেন। তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস নেতা অধীর চৌধুরীও সাগরদিঘির বিধায়কের সুস্থতা কামনা করেছেন।
এদিন সকাল ১১টা নাগাদ বিধায়কের বাড়ি থেকে অনবরত ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। তড়িঘড়ি বায়রনকে উদ্ধার করে প্রথমে তাঁরই মালিকানাধীন বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ প্রশাসন এবং দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন দমকলকর্মীরা। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য, বায়রন বিশ্বাস ২০২৩ সালে উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়াই করে জিতে বিধায়ক হন। সে বছর সুব্রত সাহার অকালপ্রয়াণের জন্য উপনির্বাচন হয় সাগরদিঘিতে। সেই উপনির্বাচনে শাসকদলের প্রার্থীকে হারিয়ে দেন কংগ্রেসের টিকিটে লড়া বায়রন। রাজ্যজুড়ে শাসকদল যখন দাপটের সর্বোচ্চ ধাপে, তখন বায়রনের সেই জয় শুধু যে ব্যতিক্রম ছিল তাই নয়, দ্বিমেরু রাজনীতিতে হতাশ বাম-কংগ্রেস সমর্থকদের জন্য বায়রন ছিলেন এক টুকরো আশার আলো। যদিও সেই আলো নিভতে বেশি সময় লাগেনি। বছর ঘোরার আগেই গোটা রাজ্যের বাম-কংগ্রেস সমর্থকদের মন চুরমার করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন বায়রন। এরপর তার বিরুদ্ধে নানান ক্ষোভ-বিক্ষোভ থাকলেও তৃণমূলের ভরাডুবির মাঝে ছাব্বিশের ভোটে জয়ী হন সেই বায়রন।
এরপর ভোটের ফল প্রকাশের পর পরই ঋতব্রত শিবির তথা ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বায়রন। এদিন তাঁর এই অগ্নিদগ্ধের খবরে বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে লেখেন, 'আমার বন্ধু, সহকর্মী বায়রন বিশ্বাসের খবরে খুবই খারাপ লাগছে। ওর দ্রুত আরোগ্য কামনা করি। দ্রুত সুস্থ হয়ে ওঠো ভাই।'
বায়রনের অগ্নিদগ্ধদের খবরে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, 'বায়রনকে আমি খুব স্নেহ করি। ও খুব ভালো মনের ছেলে। আমি খুবই চিন্তিত। প্রয়োজনে আমি যাব ওকে দেখতে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ও সুস্থ হয়ে উঠুক।'
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তিনি বায়রনের শারীরিক অবস্থার খোঁজখবর নেবেন। তিনি বলেন, "আমি খোঁজ নেব। ওনার আরোগ্য কামনা করি।"

No comments:
Post a Comment