নিজস্ব সংবাদদাতা, নদিয়া: মহাসপ্তমীর রাতেই মর্মান্তিক পথ দুর্ঘটনা। মৃত্যু হল এক তরতাজা যুবকের। সেইসঙ্গে আহত হয়েছেন আরও একজন। নদিয়ার শান্তিপুরে ঘটেছে এই দুর্ঘটনা। জানা গিয়েছে, মৃত যুবকের নাম হিরন্ময় রায়, বয়স ২৪ বছর। তাঁর বাড়ি শান্তিপুরের হরিপুর এক নম্বর কলোনির নবীন পল্লিতে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহাসপ্তমীর রাতে এক বন্ধুকে শান্তিপুর স্টেশন থেকে আনতে বাইকে করে যাচ্ছিলেন হিরন্ময়। বাইকের পিছনে ছিলেন তাঁর আরও এক বন্ধু। সেই সময় রাস্তায় একটি আমগাছে বাইকটির ধাক্কা লাগে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হন দু’জনেই। ঘটনাস্থলেই হিরন্ময়ের মৃত্যু হয়েছে বলে জানা যায়।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ। আহত যুবককে চিকিৎসার জন্য শান্তিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে, হিরন্ময়কে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত্যুর সঠিক কারণ ও দুর্ঘটনার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য ময়নাতদন্ত এবং পুলিশের তদন্তের পরই স্পষ্ট হবে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গিয়েছে।
এদিকে উৎসবের আনন্দের মাঝেই এমন মর্মান্তিক ঘটনায় শোকাহত মৃত যুবকের পরিবার ও পরিচিতরা।মৃতের এক আত্মীয় অজয় বিশ্বাস বলেন, মায়ের বারণ সত্ত্বেও হিরন্ময় বাইক নিয়ে বসে বেরিয়েছিলেন এক বন্ধুর সঙ্গে। রাত ১ টা থেকে দেড়টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলেই ওর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

No comments:
Post a Comment