লাইফস্টাইল ডেস্ক, ১৬ নভেম্বর ২০২৬: বায়ুতে ভেসে থাকা দূষিত কণার প্রভাব পড়ছে স্বাস্থ্যে। বাড়ির বাইরে বেরোলেই অনেকের গলায় অস্বস্তি, শুষ্ক ভাব, কাশি এবং ক্রমাগত খুসখুসের সমস্যা দেখা দিচ্ছে। দীর্ঘক্ষণ দূষিত হাওয়ার সংস্পর্শে থাকলে শ্বাসনালিতেও প্রভাব পড়তে পারে। ফলে দৈনন্দিন জীবনের সাধারণ কাজকর্ম, এমনকি হাঁটাচলা করাও কষ্টকর হয়ে উঠতে পারে। কিন্তু বায়ুদূষণের সংস্পর্শ পুরোপুরি এড়িয়ে চলা সম্ভব নয়। কাজের প্রয়োজনে অনেককেই বাড়ির বাইরে বেরোতে হয়। তাই গলার অস্বস্তি ও খুসখুসে ভাব থেকে কিছুটা স্বস্তি পেতে মেনে চলতে পারেন কয়েকটি সহজ উপায়। প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় বাড়ি ফিরে পান করতে পারেন কিছু ভেষজ পানীয়। এগুলি গলার অস্বস্তি কমাতে এবং আরাম দিতে সাহায্য করতে পারে। যেমন -
আদা চা
গলার অস্বস্তি কমাতে এবং গলাকে আরাম দিতে আদা বেশ উপকারী। তাই সকালে এক কাপ আদা চা পান করতে পারেন। এটি তৈরি করতে এক কাপ জলের মধ্যে কয়েক টুকরো আদা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট ফুটিয়ে নিন। ফুটে গেলে গ্যাস বন্ধ করে আরও পাঁচ থেকে দশ মিনিট রেখে দিন। এরপর ছেঁকে সামান্য মধু মিশিয়ে পান করুন। হালকা গরম আদা চা গলার খুসখুসে ভাব কমাতে সাহায্য করতে পারে।
তুলসীর চা
প্রায় প্রতিটি বাড়িতেই তুলসী গাছ থাকে। এক কাপ জলে চার থেকে পাঁচটি তুলসী পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। এরপর হালকা গরম অবস্থায় পান করুন। চাইলে সামান্য মধু মেশাতে পারেন। আবার আদার সঙ্গে তুলসিপাতা দিয়েও চা তৈরি করতে পারেন। তুলসীতে থাকা কিছু উপাদান শরীরের প্রদাহ কমাতে সাহায্য করতে পারে।
হলুদ মেশানো দুধ
হলুদে থাকে কারকিউমিন নামক একটি উপাদান, যার মধ্যে প্রদাহনাশক গুণ রয়েছে। এক কাপ গরম দুধে সামান্য হলুদ ভালো করে মিশিয়ে নিন। চাইলে অল্প মধুও দিতে পারেন। রাতে ঘুমোতে যাওয়ার আগে এই হলুদ মেশানো দুধ পান করুন। এটি গলার অস্বস্তি কমাতে সাহায্য করতে পারে। পাশাপাশি দুধের উষ্ণতা গলায় আরাম দেবে।
মধু ও লেবুর জল
গলার অস্বস্তি এবং কাশির সমস্যা কমাতে মধু সাহায্য করতে পারে। এক গ্লাস হালকা গরম জলে কয়েক ফোঁটা লেবুর রস এবং এক থেকে দুই চামচ মধু মিশিয়ে পান করুন। গলায় খুসখুসে ভাব হলে হালকা গরম পানীয় গলার আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। ফলে শুষ্ক ভাব ও অস্বস্তি কিছুটা কমতে পারে। তবে মনে রাখবেন, এক বছরের কম বয়সি শিশুকে কোনওভাবেই মধু দেওয়া উচিৎ নয়। ডায়াবিটিসের সমস্যা থাকলেও মধু খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি।
ক্যামোমাইল চা
ক্যামোমাইল চা ক্যাফেইনমুক্ত একটি পানীয়। গলার শুষ্ক ভাব ও অস্বস্তি কমাতেও এটি সাহায্য করতে পারে। এক কাপ জলে ক্যামোমাইল চা দিয়ে প্রায় পাঁচ মিনিট ফুটিয়ে নিন। এরপর কিছুটা ঠাণ্ডা হলে পান করুন। তবে ক্যামোমাইল চায়ে অ্যালার্জি হওয়ার আশঙ্কা রয়েছে কি না, তা আগে নিশ্চিত হয়ে নিন।
নুন-জলে গার্গল
নুন-জলে গার্গল করা কোনও ভেষজ পানীয় নয়। তবে গলার অস্বস্তি কমাতে চিকিৎসকেরাও এই পদ্ধতির পরামর্শ দিয়ে থাকেন। এটি অত্যন্ত সহজ একটি ঘরোয়া উপায়। এক গ্লাস হালকা গরম জলে আধ চা চামচ নুন মিশিয়ে নিন। এবার সেই জল দিয়ে ভালো করে গার্গল করুন। তবে জল গিলে ফেলবেন না, গার্গল করার পর ফেলে দিন। গলার খুসখুসে ভাব বেশি থাকলে দিনে কয়েকবার এই পদ্ধতি অনুসরণ করতে পারেন।
মনে রাখবেন, এই ঘরোয়া পানীয়গুলি গলার অস্বস্তিতে সাময়িক স্বস্তি দিতে পারে, তবে বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করার বিকল্প নয়। সমস্যা বেশি হলে, দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

No comments:
Post a Comment