রেস্তোরাঁর মতো ক্রিমি টমেটো স্যুপের স্বাদ বাড়িতেই,‌ রইল রেসিপি - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, November 16, 2026

রেস্তোরাঁর মতো ক্রিমি টমেটো স্যুপের স্বাদ বাড়িতেই,‌ রইল রেসিপি

 


বিনোদন ডেস্ক, ১৬ নভেম্বর ২০২৬: শীতের দিনে সন্ধ্যার জলখাবারে এক বাটি গরম গরম টমেটো স্যুপ হলে মন্দ হয় না। টমেটোর হালকা টক-মিষ্টি স্বাদ, মাখনের সুন্দর গন্ধ আর মসৃণ ক্রিমি ভাব—সব মিলিয়ে এই স্যুপের স্বাদই আলাদা। রেস্তোরাঁয় গিয়ে এমন স্যুপ অনেকেই অর্ডার করেন। তবে চাইলে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন রেস্তোরাঁর মতো ঘন ও সুস্বাদু টমেটো স্যুপ। রইল এর সহজ রেসিপি।


উপকরণ:-

* ৮টি মাঝারি আকারের পাকা রসালো টমেটো

* ১ চা চামচ তেল

* ২ টেবিল চামচ মাখন

* ১/৪ চা চামচ গোটা গোলমরিচ  

* ১ ইঞ্চি আদা

* ৪-৫ কোয়া রসুন

* ১টি তেজপাতা (ঐচ্ছিক)

* ১টি বড় পেঁয়াজ

* ২ টেবিল চামচ কুচোনো ধনেপাতা

* স্বাদমতো নুন

* ১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো

* ১ টেবিল চামচ চিনি

* ৩ কাপ গরম জল

* ২ টেবিল চামচ টমেটো কেচাপ

* ১/৪ চা চামচ গোলমরিচ গুঁড়ো 


টমেটো স্যুপ তৈরির পদ্ধতি

প্রথমে একটি প্যানে তেল ও অর্ধেকটা মাখন গরম করে নিন। এবার তাতে গোটা গোলমরিচ, রসুনের কোয়া, কুচোনো আদা এবং তেজপাতা দিয়ে এক মিনিট ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিন।


এরপর পাতলা করে কাটা পেঁয়াজ দিয়ে ২-৩ মিনিট রান্না করুন। পেঁয়াজের রং হালকা সোনালি-বাদামি হয়ে এলে কুচোনো টমেটো, ধনেপাতা এবং স্বাদমতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে ৩-৪ মিনিট রান্না করুন। এরপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও চিনি দিয়ে আরও ৩-৪ মিনিট রান্না করুন। দেখবেন, টমেটোগুলি ধীরে ধীরে নরম হয়ে গলে আসবে।


এবার প্যানে গরম জল ঢেলে মাঝারি আঁচে ফুটতে দিন। ২-৩ বার ফুটে উঠলে গ্যাস বন্ধ করে মিশ্রণটি সম্পূর্ণ ঠাণ্ডা হতে দিন। এরপর তেজপাতাটি তুলে ফেলে মিক্সিতে দিয়ে মসৃণ পেস্ট তৈরি করে নিন। তারপর একটি ছাঁকনির সাহায্যে মিশ্রণটি ভালো করে ছেঁকে নিন, যাতে টমেটোর বীজ ও খোসার অংশ আলাদা হয়ে যায়।


এবারে একটি প্যানে ছেঁকে রাখা টমেটোর মিশ্রণ ঢেলে দিন। তাতে টমেটো কেচাপ, স্বাদমতো নুন এবং গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নিন। মাঝারি আঁচে ২-৩ বার ফুটে ওঠা পর্যন্ত স্যুপটি রান্না করুন। সবশেষে এক টেবিল চামচ মাখন দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তৈরি রেস্তোরাঁর মতো ঘন, মসৃণ ও ক্রিমি টমেটো স্যুপ। গরম গরম পরিবেশন করুন।

No comments:

Post a Comment

Post Top Ad