ছট মহাপর্বের সমাপ্তি, ঊষা অর্ঘ্যে সূর্যদেবের আরাধনা, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদীর - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, November 16, 2026

ছট মহাপর্বের সমাপ্তি, ঊষা অর্ঘ্যে সূর্যদেবের আরাধনা, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদীর


ন্যাশনাল ডেস্ক, ১৬ নভেম্বর ২০২৬: লোকবিশ্বাস ও সূর্য উপাসনার মহাপর্ব ছটের আজ মহাসমাপ্তি। চার দিন ধরে চলা এই কঠিন ব্রতের আজ শেষ দিন। উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে সম্পন্ন হয় ছটী মাইয়ার আরাধনা। পাশাপাশি ৩৬ ঘন্টার নির্জলা উপবাসেরও পারণ করবেন ব্রতীরা। উল্লেখ্য, বিহারের রাজধানী পটনা-সহ দেশের বিভিন্ন শহরে ছট উৎসবের অপূর্ব দৃশ্য চোখে পড়ছে। এই আবহেই ঊষা অর্ঘ্যের দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


ছট পুজোর ঊষা অর্ঘ্য উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “উদীয়মান সূর্যদেবকে অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে আজ চার দিনব্যাপী মহাপর্ব ছটের আচার-অনুষ্ঠান সম্পন্ন হল। প্রকৃতির উদ্দেশ্যে নিবেদিত এই দিব্য উৎসবে দৃঢ় সংকল্প ও আধ্যাত্মিক সাধনার এক অপূর্ব মেলবন্ধন দেখা গিয়েছে। ছটী মাইয়ার কাছে প্রার্থনা, তিনি যেন সমস্ত ব্রতী এবং দেশজুড়ে আমার পরিবারের সকল সদস্যকে তাঁর আশীর্বাদ প্রদান করেন।”


এর আগে সন্ধ্যা অর্ঘ্য উপলক্ষেও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছিলেন, “সমস্ত দেশবাসীকে মহাপর্ব ছটের সন্ধ্যা অর্ঘ্যের আন্তরিক শুভেচ্ছা। প্রকৃতি পুজোর উদ্দেশ্যে নিবেদিত এই পবিত্র উৎসব প্রত্যেকের জীবনে নতুন চেতনা ও উদ্দীপনা নিয়ে আসুক। পাশাপাশি সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হোক। সূর্যদেবের কৃপায় সকলের জীবন আলোকিত হয়ে উঠুক। জয় ছটী মাইয়া!”


উল্লেখ্য, ছট পুজোর সূচনাতেও সমাজমাধ্যমে পোস্ট করে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি লিখেছিলেন, “লোকবিশ্বাস ও সূর্য উপাসনার চার দিনব্যাপী পবিত্র অনুষ্ঠান মহাপর্ব ছটের সূচনায় সমস্ত দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা। আজ নাহায়-খায়। সমস্ত ব্রতীকে আমার প্রণাম। সকলের উপর ছটী মাইয়ার আশীর্বাদ বর্ষিত হোক, এটাই প্রার্থনা।”


উল্লেখ্য, লোকবিশ্বাসের মহাপর্ব ছটের শেষ দিনে সোমবার দেশের বিভিন্ন প্রান্তে ব্রতীরা ভোরবেলা সূর্যদেবকে ঊষা অর্ঘ্য নিবেদন করেন। ৩৬ ঘন্টার নির্জলা উপবাসে থাকা ব্রতীরা নদী ও পুকুরের জলে দাঁড়িয়ে সূর্যের প্রথম কিরণের সঙ্গে অর্ঘ্য নিবেদন করেন। সেই সঙ্গে সন্তান ও পরিবারের সুখ-সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করেন।

No comments:

Post a Comment

Post Top Ad