ন্যাশনাল ডেস্ক, ২৮ নভেম্বর ২০২৬: মহিলা সংরক্ষণ সংক্রান্ত আসন পুনর্বিন্যাস বিল সংসদে পাস করানোর জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়ে ফেলেছে কেন্দ্রীয় সরকার। এমনও দাবী করা হচ্ছে, সংবিধান সংশোধনের জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সাংসদের সমর্থনও জোগাড় হয়ে গিয়েছে। এই বিষয়ে বিরোধী শিবিরের একাধিক দলের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও খবর। এরই মধ্যে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের একটি মন্তব্য সামনে এসেছে। নিজের সমর্থক এবং দেশের মানুষের সামনে এক অদ্ভুত অঙ্ক তুলে ধরেছেন তিনি। অভিজিতের দাবী, আসন পুনর্বিন্যাস বিল সংসদে পাস হলে তার একমাত্র সুবিধা পাবে বিজেপি। নিজের বক্তব্যের স্বপক্ষে হিসাবও তুলে ধরেছেন তিনি।
এক্সে করা একটি পোস্টে অভিজিৎ দীপকে দাবী করেছেন, নতুন কোনও ভোট না পেয়েও আসন পুনর্বিন্যাসের মাধ্যমে বেশি আসন জিততে পারে বিজেপি। বিষয়টি বোঝাতে তিনি ১০০০ জন ভোটার রয়েছেন, এমন একটি নির্বাচনী কেন্দ্রের উদাহরণ দিয়েছেন। তাঁর হিসাব অনুযায়ী, ধরা যাক, একটি নির্বাচনী কেন্দ্রে মোট ভোটার ১০০০ জন। তাঁদের মধ্যে বিজেপি ৪০০টি ভোট পেল এবং বিরোধীরা পেল ৬০০টি ভোট। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে জয়ী হবে বিরোধীরা।
অভিজিৎ দীপকের হিসাব অনুযায়ী, আসন পুনর্বিন্যাসের পর ওই ১০০০ ভোটারের কেন্দ্রটিকে ৫০০ জন করে ভোটার নিয়ে দুটি আলাদা নির্বাচনী কেন্দ্রে ভাগ করা হবে। প্রথম কেন্দ্রে বিজেপি পাবে ২৬০টি ভোট এবং বিরোধীরা পাবে ২৪০টি ভোট। অন্যদিকে, দ্বিতীয় কেন্দ্রে বিজেপির প্রাপ্ত ভোট হবে ১৪০ এবং বিরোধীরা পাবে ৩৬০টি ভোট।
অভিজিতের বক্তব্য অনুযায়ী, এই পরিস্থিতিতে বিজেপি একটি আসনে জয়ী হবে এবং বিরোধীরাও একটি আসন পাবে। অর্থাৎ, আগে যে একটি আসনে বিরোধীরা জয়ী হচ্ছিল, আসন পুনর্বিন্যাসের পর সেখানে বিজেপি একটি আসন নিজেদের দখলে আনতে পারবে।
নিজের এই অঙ্কের ব্যাখ্যা দিয়ে অভিজিৎ দীপকে আরও লিখেছেন, আসন পুনর্বিন্যাসের পর বিরোধীরা তাদের বর্তমান অবস্থান ধরে রাখতে পারবে। সম্ভবত সেই কারণেই কিছু রাজনৈতিক দল এই প্রক্রিয়াকে সমর্থন করছে। আসন পুনর্বিন্যাস বিলের বিষয়টি বোঝাতে গিয়ে তাঁর দাবী, বিজেপি এমন একটি জায়গায় নতুন আসন পেয়ে যেতে পারে, যেখানে আগে তাদের কোনও আসন ছিল না।
দীপকের মতে, ভবিষ্যতে আসন পুনর্বিন্যাসের ফলে বিজেপি এভাবেই নির্বাচনী সুবিধা পাবে। ভোটার একই থাকবেন, তাঁদের ভোট দেওয়ার ধরনও বদলাবে না। কিন্তু নির্বাচনী কেন্দ্রের সীমানা নতুন করে নির্ধারণ করার ফলে বদলে যেতে পারে ভোটের ফলাফল।
এদিকে, আসন পুনর্বিন্যাস বিল নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা অব্যাহত রয়েছে। এনসিপি-এসপি-র কার্যকরী সভাপতি সুপ্রিয়া সুলে শুক্রবার জানিয়েছেন, শনিবারের ইন্ডিয়া জোটের বৈঠকে তিনি উপস্থিত থাকতে পারবেন না। দলের নেতা জিতেন্দ্র আওহাদ জানিয়েছেন, তাঁদের দল আসন পুনর্বিন্যাসকে সমর্থন করবে। অন্যদিকে, ওয়াইএসআর কংগ্রেসও এই বিলকে সমর্থনের কথা জানিয়েছে। বিজেডি সাংসদ সন্তৃপ্ত মিশ্রও মহিলা সংরক্ষণের প্রতি তাঁদের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন।
উল্লেখ্য, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সমস্ত রাজ্যে লোকসভা আসন ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন শুরু হচ্ছে। কেন্দ্রের প্রস্তাব অনুযায়ী, লোকসভায় রাজ্যগুলির মধ্যে বর্তমান প্রতিনিধিত্বের অনুপাত বজায় রাখা হবে। বর্তমানে লোকসভার মোট আসনসংখ্যা ৫৪৩। প্রস্তাব অনুযায়ী, ৫০ শতাংশ আসন বাড়িয়ে মোট আসনসংখ্যা ৮৫০ করা হবে। এর মধ্যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য থাকবে ৩৫টি আসন।


No comments:
Post a Comment