ওয়ার্ল্ড ডেস্ক, ২৮ নভেম্বর ২০২৬: স্কুলের পাশে ভয়াবহ বিস্ফোরণ। এতে অন্তত ৬ জন পড়ুয়ার মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৯৭ জন। আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ কুনারে শনিবার একটি স্কুলের পাশে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কুনার প্রাদেশিক হাসপাতালের প্রধান মাওলা দাদ ‘আল জাজিরা’কে বিস্ফোরণের বিষয়ে জানিয়েছেন, মৃত ও আহতের সংখ্যা প্রাথমিকভাবে জানা গিয়েছে। আরও তথ্য সামনে এলে মৃতের সংখ্যা বাড়তে পারে।
কুনার প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের ডিরেক্টর সামিউল হক ‘টোলোনিউজ’কে জানিয়েছেন, কুনার প্রাদেশিক হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রাদেশিক রাজধানী আসাদাবাদের ওই মিডল স্কুলের কাছে একটি বাড়িতে বিস্ফোরণের পর মৃতদেহগুলো এবং ৯৭ জন আহতকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ওই বাড়িতে খননকাজের সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তি থাকতেন। সেখানে তাঁরা ডিনামাইট মজুত করে রেখেছিলেন,।
হক জানিয়েছেন, সামান্য আহত কয়েকজনকে কুনার প্রাদেশিক হাসপাতালে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে বাকিদের এখনও চিকিৎসা চলছে। তিনি আরও জানান, কুনার-নুরিস্তান মহাসড়কে খননকাজ এবং পাথর সরানোর জন্য প্রস্তুত করে রাখা বিস্ফোরক স্কুলটির কাছে একটি বাড়ির ভিতরে ফেটে যাওয়াতেই এই দুর্ঘটনা ঘটে।
অন্যদিকে, কুনার প্রাদেশিক পুলিশ সদর দফতরের মুখপাত্র ফরিদ দেহকান জানিয়েছেন, শনিবার সকাল প্রায় ১০টা নাগাদ বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের পরপরই তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট সংস্থাগুলি। পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশের তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে।
এর আগে গত অগস্টে কাবুলের একটি স্কুলে হ্যান্ড গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় ৪০ জনেরও বেশি শিশুর মৃত্যু হয়েছিল। মৃতদের বয়স ছিল ৯ থেকে ৪০ বছরের মধ্যে। এই বিস্ফোরণের পর সংশ্লিষ্ট বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি তাদের ফেসবুক পেজে একটি বার্তা পোস্ট করে। সেখানে মৃত ও আহতদের জন্য প্রার্থনা করার আবেদন জানানো হয়।
তালিবান সরকারের গত পাঁচ বছরের শাসনকালে কাবুলে একাধিক হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে চলতি বছরের জানুয়ারিতে একটি চিনা রেস্তরাঁয় বিস্ফোরণের ঘটনাও রয়েছে। সেই ঘটনায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছিল।
দশত-ই-বারচি এলাকাতেও একাধিক প্রাণঘাতী বিস্ফোরণ ঘটেছে। এর মধ্যে ২০২১ সালে একটি বালিকা বিদ্যালয়ের বাইরে গাড়িবোমা বিস্ফোরণের ঘটনাটি উল্লেখযোগ্য। ওই ঘটনায় ৯০ জনের মৃত্যু হয়েছিল এবং কয়েকশো মানুষ আহত হয়েছিলেন। দশত-ই-বারচি এলাকায় সংঘটিত হামলাগুলির দায় স্বীকার করেছিল জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

No comments:
Post a Comment