ডিলিমিটেশন বিল নিয়ে বিজেপিকে নিশানা রাহুলের, কী দাবী কংগ্রেস নেতার? - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, November 28, 2026

ডিলিমিটেশন বিল নিয়ে বিজেপিকে নিশানা রাহুলের, কী দাবী কংগ্রেস নেতার?

 


ন্যাশনাল ডেস্ক, ২৮ নভেম্বর ২০২৬: নির্বাচনী কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত বিল নিয়ে শনিবার বিজেপিকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর দাবী, “আমরা ওদের চাপে ফেলে দিয়েছি। ভোট চুরির বিষয়টি আড়াল করতেই নির্বাচনী কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণ করাতে চাইছে বিজেপি। আমরা বিজেপিকে সফল হতে দেব না।” ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে ফের অবৈধ বলে দাবী করেন রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, বিজেপি দেশকে একনায়কতন্ত্রর দিকে ঠেলে দিচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, “আমরা এমনটা হতে দেব না।”


রাহুল গান্ধী আরও বলেন, “জাতিগত জনগণনাকে সরিয়ে রাখা হয়েছে। ২০২৭ সালের জনগণনাকেও অর্থহীন করে দেওয়া হয়েছে। কেন? কারণ, এর মাধ্যমে এমন কিছু কঠিন তথ্য সামনে আসবে, যা বিজেপি পছন্দ করে না। তাই তারা ২০১১ সালের জনগণনার তথ্য ব্যবহার করতে চাইছে এবং ২০৫১ সাল পর্যন্ত সবকিছু ফ্রিজ করে দেওয়া হবে। অর্থাৎ, আগামী ৪০ বছর সামাজিক ন্যায়বিচারের কথা ভুলে যেতে হবে। তারা তফসিলি জাতি, তফসিলি জনজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির অধিকার খর্ব করছে। সংখ্যালঘুদেরও দুর্বল করে দেওয়া হচ্ছে। আগামী ৪০ বছর তফসিলি জাতি ও জনজাতিদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যাও অপরিবর্তিত থাকবে।”


লোকসভার বিরোধী দলনেতা আরও বলেন, “এই সম্প্রদায়গুলির জনসংখ্যা বাড়বে, অথচ তাদের আসনসংখ্যা বাড়বে না। স্পষ্টতই, তারা জাতিগত জনগণনার ফলাফল চায় না। আমরা একটি সর্বদলীয় সীমানা পুনর্নির্ধারণ কমিশন চাই। মহিলাদের জন্য ৮৫০টি আসনে সংরক্ষণ এবং আমরা ওবিসিদের জন্য উপ-কোটা সহ ৫৪৩টি আসনের কথা বলছি।আসল প্রশ্ন হল, ভারতীয় গণতন্ত্রের ভিত নতুন করে সাজানোর জন্য বিজেপির হাতে কি আমরা ফাঁকা মাঠ ছেড়ে দেব?”


সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী বলেন, “আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে ফেলেছি।” তাঁর দাবী, বিজেপি এখন নতুন পরিকল্পনা নিয়ে এসেছে। রাহুলের বক্তব্য, ৮৫০টি আসন হলে বিজেপি দেশের নির্বাচনী মানচিত্র নতুন করে সাজানোর সুযোগ পাবে। এর ফলে একটি ভোটও পড়ার আগে থেকেই তারা বড়সড় সুবিধা পেয়ে যাবে।


বিজেপির বিরুদ্ধে ইভিএম এবং ভোটগ্রহণ প্রক্রিয়া নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগও তোলেন রাহুল। তাঁর কথায়, “তারা ইভিএম কব্জা করেছে, ভোটগ্রহণ প্রক্রিয়াও নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। এবার তারা গোটা নির্বাচনী কাঠামোটাই বদলে দিতে চাইছে। আমরা বিজেপিকে এই দেশকে একনায়কতন্ত্রে পরিণত করতে দেব না। এমনটা হতে পারে না। ২০২৪ সালের নির্বাচন ছিল অবৈধ। আমরা, দেশের যুবসমাজ ও জেন জি প্রজন্ম, ভোট চুরির ইস্যুতে বিজেপিকে ঘিরে ফেলেছি। আমরা তাদের পথ বন্ধ করে দিয়েছিলাম এবং সেই দরজাও বন্ধ করে দিয়েছিলাম। এবার তারা নতুন পরিকল্পনা নিয়ে এসে নতুন পথ খোলার চেষ্টা করছে।”


লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, “তারা যেখানে খুশি, যখন খুশি নির্বাচনে কারচুপি করতে পারবে—এই ধারণার সময় এখন শেষ হয়ে গিয়েছে। তারা এখনও নির্বাচনে কারচুপি করতে পারে, কিন্তু ভারত জানে যে তারা কারচুপি করছে। আমাদের সমীক্ষায় জানা যাচ্ছে, দেশের ৮০ শতাংশ মানুষ এবং প্রায় ১০০ শতাংশ জেন জি বিশ্বাস করেন যে, নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং জ্ঞানেশ কুমার নির্বাচন চুরি করেন। এবার তারা নতুন পরিকল্পনা নিয়ে এসেছে।”

No comments:

Post a Comment

Post Top Ad