সন্তান লাভের আশায় কার্তিক পুজো, চলতি বছর কবে-কখন করবেন? জানুন তিথি - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, November 15, 2026

সন্তান লাভের আশায় কার্তিক পুজো, চলতি বছর কবে-কখন করবেন? জানুন তিথি

 


বিনোদন ডেস্ক, ১৫ নভেম্বর ২০২৬: কালীপুজো, ভাইফোঁটা মিটেছে। কিন্তু তার মানেই এটা নয় যে, উৎসবের আমেজ শেষ। এবারে পালা কার্তিক পুজোর। পুরাণ মতে দেবতাদের সেনাপতি এবং সবচেয়ে সুদর্শন পুরুষ হলেন কার্তিক। ইতিমধ্যেই এই পুজো ঘিরে রাস্তার মোড়ে মণ্ডপ, আলোর রোশনাই আর দোকানে ফের ভিড় জমতে শুরু করেছে। 


উল্লেখ্য, অনেকের ঘরেই কার্তিক পুজো খুব ধুমধাম করে হয়। পুজোর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সন্তানলাভের আশায় অনেকেই বাড়িতে এই পুজোর আয়োজন করেন। নববিবাহিতদের বাড়িতে আবার তাঁদের কাছের মানুষজন, বন্ধুবান্ধবরা কার্তিক ঠাকুর রেখে চলে যান। তারপর ঘটা করে পুজোর আয়োজন করেন নবদম্পতি। এই রীতি প্রায় বাংলার সর্বত্রই প্রচলিত। কিন্তু এই বছর পুজো ঠিক কবে? সোমবার নাকি মঙ্গলবার? এই নিয়ে অনেকের মনেই বেশ কিছু প্রশ্ন রয়েছে। তিথি কখন শুরু হচ্ছে আর কখন শেষ হচ্ছে, তা নিয়ে ধোঁয়াশা কাটাতে জেনে নেওয়া যাক ২০২৬ সালের কার্তিক পুজোর সময়সূচি। 


বেণীমাধব শীলের ফুল পঞ্জিকা (১৪৩৩) অনুযায়ী, এবার কার্তিক মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি শুরু হচ্ছে সোমবার। ১৬ নভেম্বর ২০২৬ (২৯ কার্তিক ১৪৩৩), সোমবার রাত ১২টা ১ মিনিটে শুরু হচ্ছে অষ্টমী তিথি। এই অষ্টমী তিথি থাকবে বেশ অনেকটা সময়। ১৭ নভেম্বর ২০২৬ (৩০ কার্তিক ১৪৩৩), মঙ্গলবার রাত ১টা ১৮ মিনিট পর্যন্ত অষ্টমী তিথি থাকছে। অর্থাৎ, সোমবার মাঝরাত থেকে শুরু হয়ে মঙ্গলবার মাঝরাত পার করে তিথি শেষ হবে।


তিথি তো জানা গেল, কিন্তু মূল পুজো কবে? পঞ্জিকা মতে, শ্রীশ্রী কার্তিক পুজো হল ৩০শে কার্তিক (ভাদ্র মতে ২৬শে কার্তিক)। দিনটা মঙ্গলবার। তাই সোমবার রাতে তিথি শুরু হলেও, মূল পুজো মঙ্গলবারেই হবে। কার্তিক হলেন শিব ও পার্বতীর সন্তান। তাঁর রূপ ও বীরত্বের কথা নানা পুরাণে উল্লেখ রয়েছে। মূলত সন্তান লাভের আশায় নবদম্পতিরা কার্তিক পুজো করে থাকেন। বাংলার একটি খুব জনপ্রিয় ও মজার রেওয়াজ হল ‘কার্তিক ফেলা’। রাতে চুপিচুপি নবদম্পতির বাড়ির দরজার সামনে কার্তিকের মূর্তি রেখে আসা হয়। পরের দিন সকালে সেই মূর্তি বাড়িতে তুলে নিয়ে গিয়ে পুজো করার নিয়ম রয়েছে।


কথিত রয়েছে, কৃত্তিকা নক্ষত্রে দেব সেনাপতি কার্তিকের জন্ম। তাই তাঁর নাম কার্তিক। স্কন্দপুরাণ অনুযায়ী, ব্রহ্মার বরে তারকাসুরের নিধনের জন্য কার্তিকের জন্ম। দেবতার থেকে পাওয়া শক্তিতে তিনি তারকাসুরকে বধ করেন। দেব সেনাপতির মর্যাদা লাভ করেন কার্তিক। সুদর্শন কার্তিক হল বীরত্বের প্রতীক।


প্রচলিত বিশ্বাস অনুযায়ী কার্তিক পুজো করলে সন্তানলাভ হয়। তাই সন্তানের কামনায় বহু দম্পতি কার্তিক পুজো করেন। বলা হয়, কার্তিক পুজো করলে নাকি সংসারের শ্রীবৃদ্ধি হয়। ধনসম্পদ উপচে পড়ে। আবার কোথাও কোথাও বাংলার ফসল রক্ষক হিসাবে পূজিত হন কার্তিক। সাধারণত গৃহস্থ বাড়িতেই কার্তিক পুজোর আয়োজন করা হয়। তবে বাঁশবেড়িয়া, চুঁচুড়া এবং কাটোয়ায় বারোয়ারি কার্তিক পুজো হয়।


পুরোহিতের কথামতো কার্তিক পুজোর আয়োজন করতে পারলে খুবই ভালো। আর না পারলে অবশ্যই পাঁচ রকমের ফল কিনুন। সঙ্গে মিষ্টি নিবেদন করুন। অবশ্যই কার্তিক ঠাকুরের খেলনা অর্পণ করুন। কার্তিক ঠাকুরের পছন্দের ফুল রক্তকরবী। এই ফুল যদি না পাওয়া যায় তাহলে সাদা বা হলুদ করবী দিয়েও পুজো করতে পারেন। কার্তিক পুজোর দিন দানধ্যান অবশ্যই করুন। বিশেষত শিশুদের হাতে সাধ্যমতো ফল বা চকলেট তুলে দিন।

No comments:

Post a Comment

Post Top Ad