বীরভূম: পরিবর্তনের বাংলায় ফের এক এনকাউন্টার। শান্তিনিকেতনে কনস্টেবলকে গুলি কাণ্ডে অভিযুক্ত রতন শেখকে গ্রেফতারির খবর প্রকাশ্যে আসে রবিবার দুপুরের দিকে। এর কয়েক ঘন্টার ব্যবধানেই জানা গেল, পুলিশের গুলিতে খতম অভিযুক্ত। সূত্রের খবর, মৃতের বিরুদ্ধে ৩৬ টি মামলা রয়েছে। এনকাউন্টারের খবর প্রকাশ্যে আসতেই মুখ্যমন্ত্রী বললেন, “বাংলায় খুনি, ধর্ষকের কোনও জায়গা নেই। পুলিশকে গুলি করলে যা করার তাই করা হবে। গুলি করলে ওরা কী বাতাসা খাওয়াবে নাকি!”
ঘটনার সূত্রপাত শুক্রবার সন্ধ্যায়। পুলিশের কাছে গোপন সূত্রে খবর এসেছিল, রতন শেখ নামে কুখ্যাত এক দুষ্কৃতী শান্তিনিকেতনের লায়েক বাজারে রয়েছে। তাকে ধরতে সাদা পোশাকে বাইকে চেপে প্রান্তিক আউট পোস্ট থেকে সেখানে পৌঁছন শান্তিনিকেতন থানার তিন পুলিশ কর্মী। রতনকে নাগালের মধ্যেও পেয়ে গিয়েছিলেন তাঁরা। অভিযোগ, সেই সময় সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র থেকে কনস্টেবল বিশ্বজিৎ দাসকে লক্ষ্য করে গুলি চালান রতন। গুলি লাগে ওই পুলিশকর্মীর পায়ে। গুরুতর আহত অবস্থায় বিশ্বজিৎকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে, শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছিল মূল অভিযুক্ত রতন শেখ। তার খোঁজে জেলা জুড়ে চিরুনি তল্লাশি শুরু করেছিল পুলিশ।
এদিকে শনিবার রাতে ওই কনস্টেবলকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলেছিলেন, “পুলিশকর্মীর রক্ত বৃথা যাবে না।” তিনি আহত পুলিশকর্মীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আশ্বাস দেন। তিনি বলেন, "অভিযুক্তের বিরুদ্ধে ৩৬ কেস ছিল। বীরভূম পুলিশ ২০২৬ সালে আমরা ক্ষমতায় আসার পর গ্রেফতার করেছিল। এরা তৃণমূল সমর্থিত গুণ্ডা। ভোট লুট পার্টি। তবে আমি দেখব পুজোর সময় কীভাবে জামিন পেল, এর পিছনে কী গন্ধ আছে আমরা দেখব।” পাশাপাশি তাঁর সাহসিকতার স্বীকৃতি হিসেবে ৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। সেইসঙ্গে তাঁর পদোন্নতির বিষয়টিও বিবেচনা করা হবে বলে জানান তিনি।
এর ২৪ ঘন্টা পেরনোর আগেই রবিবার দুপুরে গ্রেফতার করা হয় রতন শেখকে। জানা গিয়েছে, অভিযানের সময় পুলিশকে লক্ষ্য করে সে ফের গুলি চালানোর চেষ্টা করলে পাল্টা জবাবে পুলিশের এনকাউন্টারে খতম হয় ওই দুষ্কৃতী। শোনা যাচ্ছে, নানুরের চারকোল গ্রামের কাছে একটি ইটভাঁটার কাছে ঘটেছে ঘটনাটি। গোটা এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “বাংলায় ধর্ষক, খুনিদের কোনও জাগয়া নেই। পুলিশকে গুলি করলে, যা করার সেটাই করবে। গুণ্ডারা বাংলাদেশ পালাও। এখানে থাকলে যা করার তাই করব।”
উল্লেখ্য, এ নিয়ে রাজ্যে পঞ্চম এনকাউন্টারের ঘটনা এটা। বারুইপুর কাণ্ড থেকে যেটার সূচনা হয়েছিল।

No comments:
Post a Comment