প্রস্রাবে জ্বালাপোড়াকে সাধারণ ভেবে ভুল নয়, অবহেলায় আক্রান্ত হতে পারে কিডনি! - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, November 10, 2026

প্রস্রাবে জ্বালাপোড়াকে সাধারণ ভেবে ভুল নয়, অবহেলায় আক্রান্ত হতে পারে কিডনি!

 


লাইফস্টাইল ডেস্ক, ১০ নভেম্বর ২০২৬: প্রস্রাব করার সময় জ্বালাপোড়া অনুভব হয়, এমন সমস্যায় অনেককেই পড়তে হয়। কিন্তু প্রস্রাবে জ্বালাপোড়া হওয়া কিংবা বারবার শৌচাগারে যাওয়ার প্রয়োজন হওয়াকে অনেকেই সামান্য সমস্যা ভেবে উপেক্ষা করেন। এই উপসর্গগুলি প্রথমে সাধারণ ও সাময়িক বলে মনে হতে পারে। কিন্তু শরীর কোনও কারণ ছাড়া সংকেত দেয় না। যে সমস্যা শুরুতে ছোট বলে মনে হয়, তা ধীরে ধীরে গুরুতর আকার ধারণ করে কিডনি পর্যন্ত পৌঁছে যেতে পারে। শরীরের ভারসাম্য বজায় রাখতে কিডনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামান্য অস্বস্তি থেকে গুরুতর ক্ষতির এই যাত্রা আমাদের ধারণার চেয়েও দ্রুত হতে পারে।


মূত্রনালির সংক্রমণ বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (ইউটিআই) একটি সাধারণ সমস্যা, বিশেষ করে মহিলাদের মধ্যে। সাধারণত ব্যাকটেরিয়ার কারণে এই সংক্রমণ হয় এবং প্রাথমিক পর্যায়ে এটি মূত্রনালির নিম্নাংশে সীমাবদ্ধ থাকে। প্রাথমিক উপসর্গগুলির মধ্যে রয়েছে প্রস্রাব করার সময় জ্বালাপোড়া, বারবার প্রস্রাব হওয়া, ক্রমাগত প্রস্রাবের বেগ অনুভব করা এবং তলপেটে হালকা অস্বস্তি।


ডাঃ জাভেদ তাহির টিওআই-কে জানিয়েছেন, এটি অন্যতম সাধারণ সংক্রমণ। কিন্তু উপসর্গগুলি হালকা হওয়ায় অনেকেই সমস্যাটিকে উপেক্ষা করেন, যা পরবর্তী সময়ে গুরুতর হয়ে উঠতে পারে। সময়মতো চিকিৎসা না করানো হলে এই সংক্রমণ ধীরে ধীরে উপরের দিকে ছড়িয়ে পড়তে পারে। ব্যাকটেরিয়া মূত্রাশয় থেকে কিডনিতে পৌঁছে পরিস্থিতিকে গুরুতর করে তুলতে পারে।


ডাঃ বিক্রমের মতে, অনেক ক্ষেত্রেই দেখা যায়, সাধারণ সংক্রমণের চিকিৎসা করাতে দেরি হওয়ার কারণে তা কিডনির সংক্রমণে পরিণত হয়। কিডনি আক্রান্ত হলে বেশ কয়েকটি উপসর্গ দেখা দিতে পারে। যেমন—

* তীব্র জ্বর।

* কাঁপুনি দিয়ে ঠান্ডা লাগা।

* পিঠে ব্যথা।

* বমি বমি ভাব।

* ক্লান্তি।


কেন হয় এই সমস্যা?

কিডনি শুধু শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেওয়ার কাজই করে না বরং রক্তচাপ নিয়ন্ত্রণ, শরীরে তরলের ভারসাম্য বজায় রাখা এবং প্রয়োজনীয় খনিজের মাত্রা ঠিক রাখার কাজও করে। যখন সংক্রমণ কিডনি পর্যন্ত পৌঁছে যায়, তখন সেখানে প্রদাহ শুরু হয়। বারবার বা গুরুতর সংক্রমণের ফলে কিডনির টিস্যু ক্ষতিগ্রস্ত হতে পারে। চিকিৎসক ডা. জাভেদের মতে, এর ফলে কিডনির কার্যক্ষমতা কমে যেতে পারে এবং দীর্ঘমেয়াদে এটি ক্রনিক কিডনি রোগের কারণও হতে পারে।


কী কী লক্ষণ দেখা যায়?

সমস্যা হল, শরীর প্রথম থেকেই কিছু সতর্কবার্তা দেয়, কিন্তু অনেকেই সেগুলি উপেক্ষা করেন। প্রস্রাবের সময় সামান্য জ্বালাপোড়া, হালকা ব্যথা কিংবা প্রস্রাবের রং পরিবর্তিত হওয়া—এই সমস্ত লক্ষণই শরীরে সংক্রমণের ইঙ্গিত হতে পারে। এর সঙ্গে যদি জ্বর, পিঠে বা কোমরের একপাশে ব্যথা, বমি কিংবা ২৪-৪৮ ঘন্টার বেশি সময় ধরে উপসর্গ বজায় থাকে, তাহলে বিষয়টিকে গুরুত্ব দেওয়া জরুরি।


কিছু মানুষের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। যেমন—মহিলা, গর্ভবতী মহিলা, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি, প্রবীণ এবং যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল। তাঁদের ক্ষেত্রে সামান্য উপসর্গও গুরুতর সমস্যার কারণ হয়ে উঠতে পারে। এই সমস্যা থেকে বাঁচার উপায় খুব কঠিন নয়, তবে অসতর্কতা বিপদ ডেকে আনতে পারে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধের সম্পূর্ণ কোর্স শেষ করা, পর্যাপ্ত জল পান করা, পরিচ্ছন্নতার দিকে নজর রাখা এবং সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি।

No comments:

Post a Comment

Post Top Ad