বিনোদন ডেস্ক, ১৩ নভেম্বর ২০২৬: ছটপুজোর মহাপর্ব পরিচিত তার শুদ্ধতা, কঠোর নিয়মকানুন এবং ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠানের জন্য। বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশ এবং নেপালের তরাই অঞ্চলে চার দিন ধরে পালিত হয় এই উৎসব। ছটপুজোর অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণ হল ঠেকুয়া। বাঁশের তৈরি কুলোয় মরশুমি ফল ও আখের সঙ্গে সাজিয়ে রাখা হয় এই বিশেষ পদ। ছটপুজোর প্রধান মহাপ্রসাদ হিসেবেই পরিচিত ঠেকুয়া। কিন্তু জানেন কি, এই বিশেষ মিষ্টির ইতিহাস কয়েক হাজার বছরের পুরনো? কীভাবেই বা ঠেকুয়া হয়ে উঠল ছটপুজোর অন্যতম প্রধান প্রসাদ?
বিভিন্ন প্রতিবেদন ঘেঁটে জানা যায়, ঠেকুয়া কোনও আধুনিক মিষ্টি নয় বরং এর শিকড় খুঁজে পাওয়া যায় ঋগ্বৈদিক যুগে। প্রায় ৩৭০০ বছর আগের গ্রন্থ ঋগ্বেদে ‘অপূপ’ নামে একটি ঐতিহ্যবাহী খাবারের উল্লেখ পাওয়া যায়। সেই সময়ে যব অথবা গমের আটার সঙ্গে গুড় ও ঘি মিশিয়ে এই পদ তৈরি করা হত। সময়ের সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে স্থানীয় রুচি ও সংস্কৃতি অনুযায়ী এই খাবারের ধরণ বদলেছে। বিহার এবং পূর্বাঞ্চলীয় উত্তরপ্রদেশে এটি ঠেকুয়া নামে পরিচিতি পেয়েছে। আবার বিভিন্ন গ্রামীণ এলাকায় একে খাজুরিয়া, ঠোকওয়া বা টিকরি নামেও ডাকা হয়।
ছাঁচে চেপে তৈরির পদ্ধতি থেকেই এসেছে ঠেকুয়া নাম-
ঠেকুয়া নামের পিছনে লুকিয়ে রয়েছে এটি তৈরির একটি বিশেষ ঐতিহ্যবাহী পদ্ধতি। গমের আটার সঙ্গে গুড় অথবা চিনি, খাঁটি ঘি, মৌরি, এলাচ এবং শুকনো নারকেল মিশিয়ে শক্ত করে মাখা হয়। এরপর ছোট ছোট লেচি কাঠের নকশা করা ছাঁচের ওপর রেখে হাতের তালু দিয়ে চেপে দেওয়া হয়। এতে ঠেকুয়ার গায়ে পাতা কিংবা ফুলের মতো সুন্দর নকশা ফুটে ওঠে। স্থানীয় ভাষায় কোনও কিছুকে চেপে দেওয়ার এই পদ্ধতিকে ‘ঠোকনা’ বলা হয়। সেই শব্দ থেকেই খাবারটির নাম হয়েছে ঠেকুয়া।
কেন ছটপুজোর অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল ঠেকুয়া?
ছটপুজোয় পরিচ্ছন্নতা ও সাত্ত্বিকতার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। প্রাচীনকালে যাতায়াত এবং খাবার সংরক্ষণের আধুনিক ব্যবস্থা ছিল না। তাই দীর্ঘ যাত্রাপথ কিংবা উৎসবের জন্য এমন খাবারের প্রয়োজন হত, যা সহজে নষ্ট হবে না। ঠেকুয়া তৈরিতে দুধ বা জলের মতো উপকরণ খুবই সামান্য ব্যবহার করা হয় এবং এটি খাঁটি ঘিতে ভাজা হয়। ফলে দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে এই খাবার। এই বিশেষ বৈশিষ্ট্যের কারণেই ছটপুজোর কঠিন উপবাসের সময় প্রসাদ হিসেবে ঠেকুয়াকে বিশেষ উপযোগী বলে মনে করা হয়।
শুদ্ধতার কঠোর নিয়ম মেনেই তৈরি করা হয় ঠেকুয়া
ছটপুজো পালিত হয় কার্তিক ও চৈত্র মাসে। এই দুই সময়েই ঋতু পরিবর্তনের প্রভাব দেখা যায়। এই সময়ে গুড়, ঘি ও গমের আটা দিয়ে তৈরি ঠেকুয়া শরীরে দ্রুত শক্তি জোগাতে সাহায্য করে। ছটপুজোর জন্য ঠেকুয়া তৈরির সময় বিশেষ পবিত্রতা ও পরিচ্ছন্নতা বজায় রাখা হয়।
অনেক পরিবারে ব্রত পালনকারী মহিলারা বাড়িতেই গম ধুয়ে শুকিয়ে নিজের হাতে আটা তৈরি করেন। এরপর নতুন মাটির উনুনে আমকাঠ জ্বালিয়ে তৈরি করা হয় ঠেকুয়া। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই ঐতিহ্যই ঠেকুয়াকে শুধুমাত্র একটি খাবার নয় বরং ছট মহাপর্বের অন্যতম পরিচিতি ও আস্থার প্রতীকে পরিণত করেছে।

No comments:
Post a Comment