মহাকাশে ড্রাগনের চক্রান্ত! ঘুরে বেড়াচ্ছে বিপজ্জনক গুপ্তচর, ছবি ফাঁস মার্কিন সংস্থার - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, November 2, 2026

মহাকাশে ড্রাগনের চক্রান্ত! ঘুরে বেড়াচ্ছে বিপজ্জনক গুপ্তচর, ছবি ফাঁস মার্কিন সংস্থার


ওয়ার্ল্ড ডেস্ক, ০২ নভেম্বর ২০২৬: চীনের সবচেয়ে রহস্যময় স্পেস প্লেন 'শেনলং'-এর স্পষ্ট ছবি প্রকাশ করেছে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিআইএ)। এই ছবি প্রকাশ্যে আসতেই ফের বিশ্বের নজর কেড়েছে বেজিং। গত ৬ বছর ধরে পৃথিবীর চারপাশে চক্কর কাটছে এই চালকবিহীন রোবোটিক স্পেস প্লেন। মহাকাশে একাধিকবার অজানা বস্তু ছেড়ে দেওয়ার কারণে বারবার শিরোনামে উঠে এসেছে এটি। দীর্ঘদিন ধরেই বিজ্ঞানীরা রাডারের মাধ্যমে এর গতিবিধির ওপর নজর রাখছিলেন। তবে নতুন এই ছবিতে প্রথমবার এর গোপন নকশা ও প্রকৃত সক্ষমতা সম্পর্কে বেশ কিছু তথ্য সামনে এসেছে।


২০২৪ সালে 'ভেন্টোর' সংস্থার একটি স্যাটেলাইট মহাকাশে মাত্র ৯০ কিলোমিটার দূর থেকে এই ছবিটি তুলেছিল। ছবির স্বচ্ছতা এতটাই ভালো যে এতে ৪.৫ সেন্টিমিটার আকারের ছোট বস্তু পর্যন্ত স্পষ্টভাবে দেখা যাচ্ছে। স্পেস ডটকম-এর প্রতিবেদন অনুযায়ী, শেনলং মহাকাশে নতুন সরঞ্জাম নিয়ে যাওয়া, সেগুলির পরীক্ষা করা এবং পরে নিরাপদে পৃথিবীতে ফিরে আনতে সক্ষম। ছবিতে এই প্লেনটিকে নিজ সোলার প্যানেল খোলা অবস্থায় অন্য একটি স্যাটেলাইটের সঙ্গে যুক্ত থাকতে দেখা যাচ্ছে। পাশাপাশি এর পিছনের পেলোড দরজাটিও খোলা রয়েছে।


কেমন দেখতে শেনলং স্পেস প্লেন?

শেনলং এমন একটি স্পেস প্লেন, যা বারবার ব্যবহার করা যায়। এটা দেখতে অনেকটা আমেরিকার এক্স-৩৭বি স্পেস প্লেনের মতো। রকেটের সাহায্যে এটিকে মহাকাশে পাঠানো হয়। মিশন সম্পূর্ণ হলে সাধারণ বিমানের মতোই এটি পৃথিবীর মাটিতে অবতরণ করে। চীন সরকার আনুষ্ঠানিকভাবে কখনও এই স্পেস প্লেনের ছবি প্রকাশ করেনি। তবে বিশেষজ্ঞদের মতে, এর দৈর্ঘ্য প্রায় ২৬ ফুট। চলতি বছরের ৭ ফেব্রুয়ারি 'লং মার্চ ২এফ' রকেটের সাহায্যে নিজের চতুর্থ মিশনে যাত্রা শুরু করে এই স্পেস প্লেন।


স্পেস ডটকম-এর একটি প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহেই সাধারণ মানুষ কোনও দূরবীন ছাড়াই সরাসরি চোখে এই স্পেস প্লেন দেখতে পারবেন। আগামী ৩ নভেম্বর আমেরিকার ডেনভার শহরের আকাশের উপর দিয়ে এবং ৫ ও ৬ নভেম্বর লস অ্যাঞ্জেলেসের উপর দিয়ে উড়ে যাবে এটি। এই স্পেস প্লেন দেখার সবচেয়ে ভালো সময় হবে সূর্যোদয়ের ঠিক আগের মুহূর্ত। অতএব, মহাকাশপ্রেমীদের কাছে এটি দেখার এক বিশেষ সুযোগ তৈরি হতে চলেছে।

No comments:

Post a Comment

Post Top Ad