ন্যাশনাল ডেস্ক, ১৭ নভেম্বর ২০২৬: আচমকাই ধসে পড়ল একটি পুরনো বাড়ির ছাদ। এই মর্মান্তিক ঘটনায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে ৩ বছরের এক শিশুকন্যা এবং ৩০ বছর বয়সি এক যুবকের। দিল্লীর বিবেক বিহারের জ্বালা নগর এলাকায় ঘটেছে এই দুর্ঘটনা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিশের দল। শুরু হয় উদ্ধারকাজ। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা অন্যদেরও নিরাপদে উদ্ধার করা হয়। বর্তমানে ঘটনাস্থলে উদ্ধার অভিযান সম্পূর্ণ হয়েছে।
পুলিশের কাছ থেকে পাওয়া সরকারি তথ্য অনুযায়ী, এদিন মঙ্গলবার সকাল প্রায় ১০টা ৯ মিনিটে বিবেক বিহার থানায় একটি পিসিআর কল আসে। সেখানে জানানো হয়, জ্বালা নগরের ৬ নম্বর গলিতে একটি বাড়ি ভেঙে পড়েছে এবং ধ্বংসস্তূপের নিচে কয়েকজন আটকে থাকতে পারেন। খবর পেয়েই স্থানীয় পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। কোনও সময় নষ্ট না করে শুরু করা হয় উদ্ধার অভিযান।
দুর্ঘটনাগ্রস্ত বাড়িটি ছিল গ্রাউন্ড প্লাস দুই তলবিশিষ্ট একটি পুরনো বাড়ি। বাড়িটির মালিক সুরেন্দ্র সিং বলে জানা গিয়েছে। সেখানে কয়েকটি শ্রমিক পরিবার ভাড়া থাকত। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া প্রত্যেকেই দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। ক্যাটস অ্যাম্বুল্যান্স এবং স্থানীয় প্রশাসনের সহায়তায় ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ৬ জনকেই উদ্ধার করে দ্রুত হেডগেওয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর দু'জনকে মৃত ঘোষণা করেন। বাকি চারজনের চিকিৎসা চলছে।
আহত ও মৃতদের পরিচয়
* খুশবু (বয়স ৩ বছর) – চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন।
* পিন্টু (বয়স ৩০ বছর) – চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন।
* লাড্ডু ওরফে দেবাংশ (বয়স ২৭ বছর) – আহত।
* বিকেশ (বয়স ৩৫ বছর) – আহত।
* আকাশ (বয়স ২৫ বছর) – আহত।
* দিলীপ ওরফে ডিম্পা (বয়স ২২ বছর) – আহত।
প্রশাসনের তত্ত্বাবধানে ধ্বংসস্তূপ সরানো এবং তল্লাশির কাজ সম্পূর্ণ হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। পুরনো ও জরাজীর্ণ বাড়ির নিরাপত্তা এবং প্রয়োজনীয় সুরক্ষাবিধি মেনে চলা নিয়ে ফের বড়সড় প্রশ্ন উঠেছে। মর্মান্তিক এই ঘটনার পর থেকেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

No comments:
Post a Comment