কখনও ডাইনি, কখনও অশুভ আত্মার ভয়! তন্ত্রমন্ত্রের নামে কোটি-কোটি টাকার প্রতারণা - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, November 17, 2026

কখনও ডাইনি, কখনও অশুভ আত্মার ভয়! তন্ত্রমন্ত্রের নামে কোটি-কোটি টাকার প্রতারণা


ন্যাশনাল ডেস্ক, ১৭ নভেম্বর ২০২৬: কুসংস্কার ও তন্ত্রমন্ত্রের ভয় দেখিয়ে অবসরপ্রাপ্ত এক বৃদ্ধ দম্পতির কাছ থেকে ৬ কোটি ৩৮ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। মুম্বইয়ের দহিসর এলাকায় ঘটেছে এই ঘটনা। ডাইনি, অভিশাপ এবং অশুভ আত্মার ভয় দেখিয়ে প্রায় ১০ বছর ধরে ওই দম্পতিকে নিজেদের জালে ফাঁসিয়ে রেখেছিল অভিযুক্তরা। এই দীর্ঘ সময়ে তাঁদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে চারটি ফ্ল্যাট, ১২০০ গ্রাম সোনা, কোটি কোটি টাকার শেয়ার এবং নগদ অর্থ। গত ১৩ নভেম্বর ২০২৬ তারিখে ভুক্তভোগী পারসিস দারা মেহতার অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্ত উমেশ দেশপাণ্ডে-সহ মোট ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দহিসর পুলিশ।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৬ সালের ডিসেম্বর মাসে এই প্রতারণার ঘটনা শুরু হয়। দহিসর পূর্বের গায়ত্রী সোসাইটিতে বসবাসকারী পারসিস মেহতার সঙ্গে প্রতিবেশী মেঘনা ইনামদারের মাধ্যমে পানভেলের রমাবাই সানে এবং তাঁর সহযোগী উমেশ দেশপাণ্ডের পরিচয় হয়। সেই সময় পারসিসের স্বামী দারা মেহতা তিনবার পক্ষাঘাতে আক্রান্ত হয়েছিলেন। এই পরিস্থিতির সুযোগ নিয়ে অভিযুক্তরা তাঁদের বাড়িতে বাস্তুদোষ এবং জাদুটোনা রয়েছে বলে দাবী করে। পুজোর নামে তাঁদের কাছ থেকে ৪০ গ্রাম ওজনের একটি সোনার হার এবং ৩ লক্ষ ৮৫ হাজার টাকা হাতিয়ে নেয় তারা।


তদন্তে উঠে এসেছে, প্রতারণার জাল আরও বিস্তৃত করতে অভিযুক্তরা একাধিক কাল্পনিক চরিত্র তৈরি করেছিল। মূল অভিযুক্ত উমেশ দেশপাণ্ডে নিজের কণ্ঠস্বর বদলে নিজেকে হায়দরাবাদের একটি মঠের ১০৮ বছর বয়সি গুরুবর্য বলে পরিচয় দিত। অন্যদিকে, অশ্বিনী গায়কোয়াড় স্নেহলতা দীক্ষিত ওরফে বাইসাহেব এবং বৃষালী গায়কোয়াড় রমাবাই সানে সেজে ওই দম্পতির সঙ্গে কথা বলতেন।


পরবর্তী সময়ে অভিযুক্তরা রমাবাইয়ের খুন হয়ে যাওয়া এবং বাইসাহেব কামশেতে সমাধি নেওয়ার মতো একাধিক মিথ্যা গল্পও শোনায়। এরপর দম্পতিকে গুরুবর্যের নির্দেশ মেনে চলতে বলা হয়। উল্লেখ্য, এর আগেও মুম্বইয়ে শেয়ার বাজারে বিপুল মুনাফার প্রলোভন দেখিয়ে এক অবসরপ্রাপ্ত আধিকারিকের কাছ থেকে ৫ কোটি ১০ লক্ষ টাকা প্রতারণার ঘটনা সামনে এসেছিল।


দহিসরে প্রতারণার সময় অভিযুক্তরা ওই বাড়িতে অঘোরী পুজোর আয়োজন করে। বাড়িতে কালো পুতুল রাখার পাশাপাশি দম্পতিকে নেপালের এক সাধুর ভস্ম ও সিঁদুর খেতে দেওয়া হয়। তাঁদের বোঝানো হয়েছিল, সম্পত্তির ওপর ডাইনি এবং অশুভ শক্তির প্রভাব রয়েছে। এই সমস্ত আচার পালন না করলে তাঁদের স্বামী এবং দুই ছেলের প্রাণ সংশয় হতে পারে বলেও ভয় দেখানো হয়।


সম্পত্তি শুদ্ধ করার নাম করে অভিযুক্তরা দম্পতিকে দহিসর ও বোরিভলিতে থাকা চারটি ফ্ল্যাট বিক্রি করতে বলে। ফ্ল্যাটগুলি বিক্রি করে পাওয়া প্রায় ৩ কোটি ২ লক্ষ টাকা অভিযুক্তরা হাতিয়ে নেয়। এছাড়াও প্রায় ১ কোটি ৬০ লক্ষ টাকার শেয়ার বিক্রি করানো হয়। ব্যাঙ্ক ও পোস্ট অফিসে জমা থাকা ৪৫ লক্ষ টাকাও তুলে নিতে বাধ্য করা হয় তাঁদের। এমনকি বাড়ির আসবাবপত্র পর্যন্ত নিজেদের দখলে নিয়ে নেয় অভিযুক্তরা। মঠ নির্মাণের নাম করে দম্পতিকে এক মহাজনের কাছ থেকে মাসিক ৮ শতাংশ সুদে ৪৫ লক্ষ টাকা ঋণ নিতে বাধ্য করা হয়েছিল। অভিযোগ অনুযায়ী, সেই ঋণ পরিশোধ করতেই দম্পতির প্রায় ৯০ লক্ষ টাকা খরচ হয়ে যায়।


২০২৫ সালের জুন মাসে এই প্রতারণার ঘটনা প্রকাশ্যে আসে। আর্থিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়া ওই দম্পতি হায়দরাবাদ যাওয়ার জন্য প্রতিবেশী রবীন্দ্র কিনির কাছে ২৪ হাজার টাকা ধার চাইতে যান। তাঁদের শোচনীয় অবস্থা দেখে সন্দেহ হয় প্রতিবেশীর। এরপর তিনি গোটা বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিতে শুরু করেন। সেখান থেকেই সামনে আসে দীর্ঘদিনের প্রতারণার ঘটনা।


পুলিশের দাবী, প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকা দিয়ে অভিযুক্তরা গোড়েগাঁওয়ের নাগরি নিবারা পরিষদ এলাকায় একাধিক ফ্ল্যাট কিনেছে। মূল অভিযুক্ত উমেশ দেশপাণ্ডেকে ইতিমধ্যেই অন্য একটি মামলায় গ্রেফতার করেছে দিণ্ডোশি পুলিশ। এবার দহিসর পুলিশ এই প্রতারণার ঘটনায় জড়িত বাকি অভিযুক্তদের ভূমিকা এবং প্রতারণার টাকা দিয়ে কেনা সম্পত্তিগুলি সম্পর্কে বিস্তারিত তদন্ত শুরু করেছে।

No comments:

Post a Comment

Post Top Ad