ন্যাশনাল ডেস্ক, ২৭ নভেম্বর ২০২৬: সংসদের চার দিনের বিশেষ অধিবেশনে ডিলিমিটেশন বা নির্বাচনী কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত বিল পেশ হতে পারে। এর মধ্যেই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে তৃণমূল কংগ্রেসের (টিএমসি) বিক্ষুব্ধ সাংসদদের ভূমিকা। তৃণমূলের ২০ জন বিক্ষুব্ধ সাংসদের ছোট দল ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ার (এনসিপিআই) সঙ্গে প্রস্তাবিত সংযুক্তিকরণে এখনও লোকসভার স্পিকারের অনুমোদন মেলেনি। ফলে ডিলিমিটেশন বিল নিয়ে তাঁদের অবস্থান যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই বিক্ষুব্ধ সাংসদদের মধ্যে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের ঘনিষ্ঠ সায়নী ঘোষ এবং ইউসুফ পাঠানের মতো সাংসদরা। জানা যাচ্ছে, ডিলিমিটেশন বিলের ক্ষেত্রে তাঁরা এনডিএ-কে সমর্থন করতে প্রস্তুত।
বিক্ষুব্ধ সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ‘হিন্দুস্তান টাইমস’-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, বিলটি খতিয়ে দেখার পরেই তাঁদের গোষ্ঠী চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে সাংসদদের কাজের সুবিধার জন্য ডিলিমিটেশন কার্যকর হতে পারে বলে মনে করেন তিনি।
কাকলি ঘোষ দস্তিদারের কথায়, নির্বাচনী কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণ হলে সাংসদদের পক্ষে নিজেদের ভোটারদের কাছে পৌঁছনো আরও সহজ হবে। এর ফলে এলাকার মানুষের সঙ্গে সাংসদদের যোগাযোগ বাড়বে এবং প্রশাসনিক কাজকর্ম পরিচালনাও অনেকটা সুবিধাজনক হবে।
তিনি বলেন, ডিলিমিটেশন একটি সাংবিধানিক বিধান, যা জনগণনা এবং জনসংখ্যার ওপর নির্ভরশীল। সংবিধানে এই প্রক্রিয়ার জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। ইতিমধ্যে দেশের জনসংখ্যাও বেড়েছে। এমতাবস্থায় সাংবিধানিক ব্যবস্থা মেনেই পরবর্তী পদক্ষেপ করা উচিৎ বলে মনে করেন তিনি।
কাকলি ঘোষ দস্তিদার বলেন, সংসদের বিশেষ অধিবেশন ডাকার সম্ভাবনা আগে থেকেই ছিল। কারণ, বাদল অধিবেশনের পর সংসদের অধিবেশন আনুষ্ঠানিকভাবে মুলতুবি করা হয়নি। সাধারণত পরবর্তী অধিবেশনের তারিখ ঘোষণা করা হয় এবং তার জন্য ১৪ দিনের নোটিস দেওয়া প্রয়োজন। সরকারি প্রক্রিয়ার কথা মাথায় রেখে আরও একটি বিশেষ অধিবেশন ডাকা হতে পারে বলে তাঁদের ধারণা ছিল। শুধু তারিখ ঘোষণার অপেক্ষা করছিলেন তাঁরা।
তিনি আরও জানান, অধিবেশনের আলোচ্যসূচি সম্পর্কে সাংসদরা এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানতে পারেননি। সম্ভবত ৩০ নভেম্বর সকালে এ বিষয়ে তাঁদের জানানো হতে পারে। আপাতত তাঁদের গোষ্ঠীর সদস্যরা সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর একটি পোস্ট দেখেছেন, যা গোষ্ঠীর মধ্যে ভাগ করে নেওয়া হয়েছিল।
কাকলি ঘোষ দস্তিদার জানান, ডিলিমিটেশন নিয়ে সরকার বা এনডিএ-র তরফে তাঁদের গোষ্ঠীর সঙ্গে এখনও কোনও আনুষ্ঠানিক আলোচনা হয়নি। বিশেষ অধিবেশনে সরকার ঠিক কোন বিল বা প্রস্তাব আনতে চলেছে, সে সম্পর্কেও তাঁদের স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
তাঁর কথায়, বিলটি সামনে আসার পরেই তা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ডিলিমিটেশনের ফলে বাংলার ভোটারদের রাজনৈতিক প্রতিনিধিত্ব বাড়বে, নাকি কমবে, সেই প্রশ্নের উত্তরে তিনি জানান, বিলের বিষয়বস্তু জানা এবং তা নিয়ে আলোচনা হওয়ার পরেই এ বিষয়ে কিছু বলা সম্ভব।
তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদদের এনসিপিআইয়ের সঙ্গে সংযুক্তিকরণ এবং তাঁদের বিরুদ্ধে দায়ের হওয়া অযোগ্যতার আবেদন নিয়ে এখনও লোকসভার স্পিকারের সিদ্ধান্ত আসেনি। এই প্রসঙ্গে কাকলি ঘোষ দস্তিদার বলেন, সাংসদ হিসেবে তাঁদের ভোট দেওয়ার অধিকার রয়েছে। যদিও গত অধিবেশনে তাঁদের গোষ্ঠীর জন্য আলাদা বসার ব্যবস্থা করা হয়েছিল। তাঁদের ভোট পুরনো দল নাকি নতুন গোষ্ঠীর পক্ষে গণ্য হবে, এই প্রশ্নে তিনি জানান, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন লোকসভার স্পিকার।
তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদদের মধ্যে রয়েছেন সায়নী ঘোষও। যাদবপুরের লোকসভা সাংসদ সায়নী একসময় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেত্রী হিসেবে পরিচিত ছিলেন। ২০২১ সালে তৃণমূলে যোগ দেওয়ার পর তাঁকে দলের যুব সংগঠনের সভানেত্রী করা হয়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে জয়ী হয়ে প্রথমবার সাংসদ হন তিনি। তবে ছাব্বিশে বাংলার বিধানসভা নির্বাচনের পর দলের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয় এবং কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বাধীন বিক্ষুব্ধ সাংসদদের গোষ্ঠীতে যোগ দেন তিনি। অর্থাৎ সায়নীও এখন ওই গোষ্ঠীর অংশ। এই গোষ্ঠীর দাবী, তারা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ার (এনসিপিআই) সঙ্গে সংযুক্ত হয়েছে। যদিও সেই সংযুক্তিকরণে এখনও লোকসভার স্পিকারের অনুমোদন মেলেনি।

No comments:
Post a Comment