ন্যাশনাল ডেস্ক, ২৭ নভেম্বর ২০২৬: পাঞ্জাবে আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তারক্ষীদের গুলিতে নিকেশ এক পাকিস্তানি অনুপ্রবেশকারী। অধিকারিকরা জানিয়েছেন, শুক্রবার পাঞ্জাবে পাকিস্তানের সঙ্গে লাগোয়া আন্তর্জাতিক সীমান্তে এক পাকিস্তানি অনুপ্রবেশকারীকে গুলি করে নিকেশ করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, ভোররাত প্রায় ২টো নাগাদ পাঠানকোটের উঝ নদীর কাছে পাহাড়পুর বর্ডার পোস্ট এলাকায় এই ঘটনা ঘটে। বিএসএফের জওয়ানরা ওই অনুপ্রবেশকারীকে থামতে বলেন। কিন্তু তাঁদের নির্দেশ উপেক্ষা করে সে আন্তর্জাতিক সীমান্তের দিকে এগিয়ে যেতে থাকে। এরপরই বিএসএফ জওয়ানরা তাকে লক্ষ্য করে গুলি চালান। তাতেই মৃত্যু হয় ওই অনুপ্রবেশকারীর।
উল্লেখ্য, শীতের মরশুম শুরু হলেই সীমান্তবর্তী এলাকাগুলিতে এ ধরণের ঘটনা বেড়ে যায়। সেই কারণেই সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করছে পুলিশ। শীতকালে সম্ভাব্য চ্যালেঞ্জের কথা মাথায় রেখে নিরাপত্তার দ্বিতীয় স্তরেও বিশেষ নজরদারি চালানো হচ্ছে। যাতে ঘন কুয়াশার সুযোগ নিয়ে কোনও অসামাজিক ব্যক্তি বা দুষ্কৃতী অনুপ্রবেশ করে কোনও ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে।
এই পরিস্থিতির কথা মাথায় রেখে বিএসএফের সঙ্গে যৌথভাবে সীমান্তবর্তী এলাকায় বিশেষ তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। পাশাপাশি নিরাপত্তার দ্বিতীয় স্তরে নজরদারি আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ করা হয়েছে। প্রতিটি পুলিশি নাকায় মোতায়েন কর্মীদের বিশেষ সতর্কতা ও কড়াকড়ি বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
নিরাপত্তার দিক থেকে এই এলাকাটি অত্যন্ত সংবেদনশীল। কারণ, একদিকে এই অঞ্চল ভারতের পাকিস্তান সীমান্তের লাগোয়া, অন্যদিকে জেলার এই এলাকার একাংশের সীমানা জম্মু-কাশ্মীরের সঙ্গেও যুক্ত।

No comments:
Post a Comment