ওয়ার্ল্ড ডেস্ক, ২৭ নভেম্বর ২০২৬: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে নিজের দেশে ফেরার ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর তিনি বাংলাদেশে ফিরছেন। তবে তাঁর এই ঘোষণাকে ঘিরে সংশয় প্রকাশ করেছেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ূন কবির। সংবাদ সংস্থা আইএএনএস-এর প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে কটাক্ষ করেছেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ডিসেম্বরে শুধু শীত আসবে, ক্ষমতাচ্যুত নেত্রী ফিরবেন না। অন্যদিকে, তারেক রহমানের এক সহযোগী জানিয়েছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় আইনি প্রক্রিয়ার মাধ্যমেই একমাত্র শেখ হাসিনাকে দেশে ফেরানো সম্ভব।
'ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ' (ইউএনবি)-এর প্রতিবেদন অনুযায়ী, কবির বলেন, সিলেটে একটি বৈঠকে তিনি আগেই জানিয়ে দিয়েছিলেন যে শেখ হাসিনা ডিসেম্বরে ফিরছেন না। তাঁর কথায়, “ডিসেম্বরে কেউ ফিরবেন না, শুধু শীত আসবে।” ঢাকায় বিদেশ মন্ত্রকের দফতরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন তিনি।
বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী জানান, প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার দাবীতে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে ঢাকা। তাঁকে দেশে ফিরিয়ে আনার জন্য হাতকড়া পরানো প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। তাঁর দাবী, কড়া নিরাপত্তার মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে, যাতে তাঁর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু করা যায়। তাঁকে দেশে ফিরিয়ে আনার এটাই একমাত্র পথ বলে জানিয়েছেন বাংলাদেশের মন্ত্রী।
উল্লেখ্য, বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রীর এই মন্তব্য এমন এক সময়ে সামনে এল, যখন ভারতে নির্বাসিত জীবন কাটানো শেখ হাসিনা নিজেই দেশে ফেরার দিনক্ষণ ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরবেন। উল্লেখ্য, ১৬ ডিসেম্বর বাংলাদেশে বিজয় দিবস হিসেবে পালিত হয়। ১৯৭১ সালে পাকিস্তানের হাত থেকে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের স্মরণে এই দিনটি উদযাপন করা হয়।

No comments:
Post a Comment