'আদালতের সময় নষ্ট করবেন না', রণবীরের ‘রামায়ণ’-এর বিরুদ্ধে মামলায় দ্রুত শুনানিতে না সুপ্রিম কোর্টের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, November 27, 2026

'আদালতের সময় নষ্ট করবেন না', রণবীরের ‘রামায়ণ’-এর বিরুদ্ধে মামলায় দ্রুত শুনানিতে না সুপ্রিম কোর্টের

 


ন্যাশনাল ডেস্ক, ২৭ নভেম্বর ২০২৬: রণবীর কাপুর অভিনীত ছবি ‘রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড’-এর মুক্তিকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া মামলার দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার এই মামলায় অবিলম্বে শুনানি করতে অস্বীকার করেছে শীর্ষ আদালত।


সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, এদিন কড়া মন্তব্য করে আদালত জানিয়েছে, ছবিতে মহাকাব্যকে যেভাবে তুলে ধরা হয়েছে, তা যাঁদের পছন্দ নয় বা যাঁদের ভিন্ন মত রয়েছে, তাঁরা নিজেদের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে আলাদা ছবি তৈরি করতে পারেন।


প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি. মোহনার বেঞ্চ এই মামলার দ্রুত শুনানির প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন তোলে। বেঞ্চের বক্তব্য, ছবিটি ইতিমধ্যেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। যাঁরা ছবিটি দেখতে চেয়েছিলেন, তাঁরা ইতিমধ্যেই দেখে ফেলেছেন।


আবেদনকারীর আইনজীবী আদালতকে জানান, গত ২৩ নভেম্বর এই আবেদন দায়ের করা হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত শুনানির জন্য মামলাটি তালিকাভুক্ত করা হয়নি। এর জবাবে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, ছবিটি ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। যাঁদের দেখার ইচ্ছা ছিল, তাঁরা দেখে ফেলেছেন।


আবেদনে অভিযোগ করা হয়েছে, ছবির নির্মাতারা রামায়ণের চিত্রায়ণে একাধিক পৌরাণিক তথ্য বিকৃত করেছেন। শুনানির সময় আইনজীবী যখন ছবিতে বিভিন্ন তথ্য বিকৃতভাবে তুলে ধরার অভিযোগ করেন, তখন বিচারপতি বাগচি বলেন, 'নির্মাতারা তাঁদের নিজস্ব উপলব্ধি অনুযায়ী ছবিটি তৈরি করেছেন। আপনিও নিজের উপলব্ধি অনুযায়ী ছবি তৈরি করতে পারেন। আদালতের সময় নষ্ট করবেন না।'


প্রধান বিচারপতিও এই বক্তব্যে সহমত পোষণ করেন। তিনি বলেন, 'মহাকাব্য সম্পর্কে যদি আপনাদের আলাদা কোনও ধারণা বা দৃষ্টিভঙ্গি থাকে, তাহলে তা নিয়ে নিজেরা ছবি তৈরি করুন। আদালতের সময় নষ্ট করবেন না।'


দ্রুত শুনানির জন্য আইনজীবী বারবার আবেদন জানালেও বেঞ্চ স্পষ্ট করে দিয়েছে, মামলাটি স্বাভাবিক প্রক্রিয়া মেনেই নির্ধারিত সময়ে শুনানির জন্য তালিকাভুক্ত করা হবে।

No comments:

Post a Comment

Post Top Ad