ন্যাশনাল ডেস্ক, ২৭ নভেম্বর ২০২৬: গুজরাটের সন্ত্রাসদমন শাখা (এটিএস) জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ করেছে। ভদোদরা থেকে এক সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করেছে গুজরাট এটিএস। ধৃত ব্যক্তি অসমের বাসিন্দা বলে জানা গিয়েছে।
সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, নিরাপত্তা সংস্থাগুলির কাছে এটি একটি বড় সাফল্য বলে মনে করা হচ্ছে। গুজরাট এটিএসের এক আধিকারিক জানিয়েছেন, গ্রেফতারের সময় সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে একটি একে-৪৭ রাইফেল এবং ২৩টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
অবৈধ অস্ত্র পাচার সম্পর্কে গুজরাট এটিএসের কাছে নির্দিষ্ট গোয়েন্দা তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে গতকাল (বৃহস্পতিবার) রাত প্রায় ৯টা নাগাদ জরোদ বাসস্ট্যান্ডের আশপাশে গোপনে নজরদারি অভিযান চালায় এটিএসের একটি দল। সেই সময় একটি সরকারি বাসে চড়ে জরোদে পৌঁছয় ওই সন্দেহভাজন ব্যক্তি। বাস থেকে নামতেই আগে থেকে সেখানে মোতায়েন থাকা এটিএসের দল তাকে আটক করে। তল্লাশির সময় তার কাছ থেকে রাইফেল ও কার্তুজ উদ্ধার হয়। পরবর্তীতে তাকে গ্ৰেফতার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি অসমের বাসিন্দা। অস্ত্রগুলি কোথা থেকে আনা হয়েছিল, কাদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল এবং এর পিছনে কোনও বড় ষড়যন্ত্র রয়েছে কি না, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করছে সন্ত্রাসদমন শাখা।
এই অস্ত্র পাচার চক্রের সঙ্গে স্থানীয় কোনও ব্যক্তি অথবা বাইরের কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তদন্তে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির সঙ্গে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের যোগসূত্র রয়েছে।

No comments:
Post a Comment