ঘরে আগুন, জীবন্ত পুড়ে মৃত্যু বৃদ্ধ দম্পতির - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, November 5, 2026

ঘরে আগুন, জীবন্ত পুড়ে মৃত্যু বৃদ্ধ দম্পতির


ন্যাশনাল ডেস্ক, ০৫ নভেম্বর ২০২৬: বাড়িতে বিধ্বংসী আগুন। জীবন্ত পুড়ে মৃত্যু বৃদ্ধ দম্পতির। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাথরাস জেলার সাদাবাদ শহরে বৃহস্পতিবার ভোরে। কহারান মহল্লার একটি বাড়িতে আচমকাই আগুন লেগে মৃত্যু হয় ঘুমন্ত অবস্থায় থাকা ওই বৃদ্ধ দম্পতির। দুর্ঘটনার সময় বাড়িতে‌ শুধু তাঁরা দু'জনেই ছিলেন।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে মধ্যরাতের পর আনুমানিক রাত ১টা ৩০ মিনিট নাগাদ। মৃতদের পরিচয় শাহজাদ বেগ (৭০) এবং তাঁর স্ত্রী সালমা বেগ (৬৫)। বাড়িতে আগুন লাগার খবর পেয়ে প্রতিবেশীরা শাহজাদের ভাই কাসিম বেগকে বিষয়টি জানান। এরপর স্থানীয় বাসিন্দারা বাড়ির দরজায় ধাক্কা দেন। কিন্তু ভিতর থেকে কোনও সাড়া মেলেনি।


বাড়ি থেকে আগুনের শিখা বের হতে দেখে স্থানীয় বাসিন্দারা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দল। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন নিভে যাওয়ার পর বাড়ির ভিতরে প্রবেশ করে দেখা যায়, বৃদ্ধ দম্পতির দেহ অত্যন্ত দগ্ধ অবস্থায় পড়ে রয়েছে।


ঘটনার গুরুত্ব বিবেচনা করে প্রতিবেশী জেলা মথুরার বৃন্দাবন থেকে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ)-এর ১০ সদস্যের একটি দলও ঘটনাস্থলে পৌঁছয়। দলের প্রধান রজত কুমার জানান, কন্ট্রোল রুম থেকে বাড়িতে আগুন লাগার খবর পেয়েছিলেন তাঁরা। তবে এসডিআরএফ-এর দল পৌঁছনোর আগেই দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।


সাদাবাদ কমিউনিটি হেলথ সেন্টারের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. নীরজ শর্মা জানান, মৃত দম্পতির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে, সাদাবাদের পুলিশ সার্কেল অফিসার যোগেন্দ্র কৃষ্ণ নারায়ণ জানিয়েছেন, কী কারণে বাড়িতে আগুন লাগল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad