বিনোদন ডেস্ক, ১০ নভেম্বর ২০২৬: চিকেনপক্স বা জলবসন্তের কারণে ত্বকে, বিশেষ করে মুখে, দাগ থেকে যেতে পারে। এই দাগের চিকিৎসা নির্ভর করে দাগের ধরণ ও প্রকৃতির ওপর। অনেকের ক্ষেত্রে প্রদাহের পর পিগমেন্টেশনের কারণে কালো দাগ দেখা যায়, আবার কারও কারও ত্বকের ক্ষতির ফলে গভীর গর্ত বা বসে যাওয়া দাগ তৈরি হতে পারে। এমন পরিস্থিতিতে চিকেনপক্সের দাগ কীভাবে দূর করা সম্ভব, সে সম্পর্কে পরামর্শ দিয়েছেন গুরগাঁওয়ের ফোর্টিস মেমোরিয়াল রিসার্চ ইনস্টিটিউটের পরামর্শদাতা চর্মরোগ বিশেষজ্ঞ ডা. রশ্মি শর্মা।
কী বলছেন চর্মরোগ বিশেষজ্ঞ?
চিকেনপক্সের পর ত্বকে কালো দাগ থেকে গেলে, সেগুলি সাধারণত কয়েক মাসের মধ্যে ধীরে ধীরে হালকা হতে শুরু করে। এই সময়ে এসপিএফ ৩০ বা তার বেশি মাত্রার ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন ব্যবহার করা অত্যন্ত জরুরি। কারণ, সূর্যের আলোয় এই দাগ আরও গাঢ় হয়ে যেতে পারে এবং সেরে উঠতে বেশি সময় লাগতে পারে। ত্বকের ধরণ ও অবস্থার ওপর নির্ভর করে চর্মরোগ বিশেষজ্ঞ অ্যাজেলাইক অ্যাসিড, রেটিনয়েড অথবা পিগমেন্টেশন কমাতে সাহায্যকারী অন্যান্য উপাদানযুক্ত ক্রিম বা ওষুধ ব্যবহারের পরামর্শ দিতে পারেন। কিছু ক্ষেত্রে দীর্ঘদিন ধরে থাকা পিগমেন্টেশনের চিকিৎসায় লেজার থেরাপিও করানো যেতে পারে।
তবে চিকেনপক্সের কারণে ত্বকে অ্যাট্রফিক স্কারস অর্থাৎ গর্ত বা বসে যাওয়া দাগ তৈরি হলে এবং ত্বকের উপরিভাগ অসমান হয়ে গেলে, শুধুমাত্র ক্রিম ব্যবহারে বিশেষ উন্নতি হয় না। এ ধরণের ক্ষেত্রে দাগের গভীরতা ও প্রকৃতি অনুযায়ী মাইক্রোনিডলিং রেডিওফ্রিকোয়েন্সি, ফ্র্যাকশনাল সিওটু লেজার রিসারফেসিং এবং অন্যান্য স্কার-রিভিশন পদ্ধতির পরামর্শ দেওয়া হতে পারে। এই চিকিৎসা পদ্ধতিগুলি ত্বকে কোলাজেন তৈরিতে উৎসাহ জোগায় এবং ত্বকের গঠন উন্নত করতে সাহায্য করে। সঠিক চিকিৎসার মাধ্যমে অ্যাট্রফিক স্কারসের দৃশ্যমানতা অনেকটাই কমানো সম্ভব। কিছু নির্দিষ্ট ক্ষেত্রে এই পদ্ধতিগুলির সাহায্যে প্রায় ৬০–৮০ শতাংশ পর্যন্ত উন্নতি দেখা যেতে পারে। তবে চিকিৎসার ফলাফল নির্ভর করে দাগের তীব্রতা, ত্বকের ধরণ এবং চিকিৎসার প্রতি ব্যক্তির প্রতিক্রিয়ার ওপর।
ত্বকে তৈরি হওয়া দাগ বারবার স্পর্শ করা, চুলকানো বা খুঁটে তোলা থেকে বিরত থাকাও অত্যন্ত জরুরি। পাশাপাশি, লেবুর রস, স্ক্রাব কিংবা সরাসরি ব্যবহার করা রাসায়নিক পদার্থের মতো ঘরোয়া উপাদান এড়িয়ে চলা উচিৎ। কারণ, এগুলি ত্বকে জ্বালাভাব সৃষ্টি করতে পারে এবং পিগমেন্টেশন বা দাগের সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে।

No comments:
Post a Comment