শীতের সকালে জমিয়ে খান মুগ ডালের পরোটা, রইল প্রোটিন-ফাইবারে ভরপুর এই পদ তৈরির সহজ রেসিপি - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, November 10, 2026

শীতের সকালে জমিয়ে খান মুগ ডালের পরোটা, রইল প্রোটিন-ফাইবারে ভরপুর এই পদ তৈরির সহজ রেসিপি


বিনোদন ডেস্ক, ১০ নভেম্বর ২০২৬: শীত আসতেই পরোটা খাওয়ার ইচ্ছা যেন বেড়ে যায়। এই মরশুমে আলু, মূলো, পেঁয়াজ, ফুলকপি কিংবা পনিরের পরোটা অনেকেই বেশ পছন্দ করেন। কিন্তু কখনও কি মুগ ডালের পরোটা খেয়ে দেখেছেন? স্বাদে যেমন সুস্বাদু, তেমনই প্রোটিনে ভরপুর এই পরোটা। প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ মুগ ডালের পরোটা দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখতে সাহায্য করে। ফলে ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রেও এটি সহায়ক হতে পারে। বাড়িতেই সহজে তৈরি করে নিতে পারেন এই সুস্বাদু পরোটা। রইল মুগ ডালের পরোটা তৈরির সহজ রেসিপি।


উপকরণ:-

* গমের আটা – ২ কাপ

* নুন – স্বাদমতো

* জোয়ান – আধ চা চামচ

* তেল বা ঘি – ১ চামচ

* হলুদ মুগ ডাল – আধ কাপ (৩-৪ ঘন্টা ভিজিয়ে রাখা)

* মিহি করে কুচানো পেঁয়াজ – ১টি মাঝারি আকারের

* কাঁচালঙ্কা – ২টি (মিহি করে কুচানো)

* আদা-রসুন বাটা – ১ চা চামচ

* জিরে – ১ চা চামচ

* হিং – এক চিমটি

* হলুদ গুঁড়ো – আধ চা চামচ

* ধনে গুঁড়ো – ১ চা চামচ

* গরম মশলা গুঁড়ো – আধ চা চামচ

* লঙ্কার গুঁড়ো – স্বাদমতো

* আমচুর পাউডার বা চাট মশলা – ১ চা চামচ

* ধনেপাতা – মিহি করে কুচানো

* পরোটা সেঁকার জন্য তেল বা ঘি

* নুন – স্বাদমতো


পরোটা তৈরির পদ্ধতি:-

মুগ ডাল আগে রাতে ভিজিয়ে রাখতে হবে। সকালে ভিজিয়ে রাখা মুগ ডালের জল ভালো করে ঝরিয়ে নিন। এরপর ডালটি মিক্সার জারে নিয়ে একটু মোটা করে বেটে নিন।


এবার একটি কড়াইয়ে ১ চামচ তেল গরম করুন। তাতে জিরে ও হিং দিন। জিরে ফাটতে শুরু করলে আদা-রসুন বাটা এবং কুচানো কাঁচালঙ্কা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিন। এরপর মিহি করে কুচানো পেঁয়াজ দিয়ে সোনালি হওয়া পর্যন্ত রান্না করুন।


এবার কড়াইয়ে বেটে রাখা মুগ ডাল, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা ও নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিন। কম আঁচে ৪-৫ মিনিট ডালটি ভেজে নিন, যাতে কাঁচা গন্ধ চলে যায়। সবশেষে আমচুর পাউডার ও কুচানো ধনেপাতা মিশিয়ে গ্যাস বন্ধ করে দিন। পরোটার পুরটি সম্পূর্ণ ঠাণ্ডা হতে দিন।


অন্যদিকে একটি বড় পাত্রে গমের আটা, নুন, জোয়ান ও সামান্য তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার অল্প অল্প জল দিয়ে নরম ও মসৃণ করে আটা মেখে নিন। আটা মাখা হয়ে গেলে ঢেকে ১০-১৫ মিনিট রেখে দিন। এরপর মাখা আটা থেকে সমান আকারের লেচি তৈরি করুন। একটি লেচি সামান্য বেলে তার মধ্যে এক বড় চামচ তৈরি করা মুগ ডালের পুর রাখুন। এবার চারদিক থেকে মুখ বন্ধ করে গোল লেচির আকার দিন। শুকনো আটার সাহায্যে আলতো হাতে পরোটাটি বেলে নিন। এভাবেই সব পরোটা বেলে নিন। 


তারপর একটি তাওয়া গরম করে তার ওপর বেলে রাখা পরোটা দিন। একদিক সেঁকা হয়ে গেলে উল্টে দিন। এবার দু’দিকে তেল বা ঘি মাখিয়ে মাঝারি আঁচে সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত সেঁকে নিন। গরম গরম মুগ ডালের পরোটা তৈরি। পরিবেশন করুন দই, আচার কিংবা পছন্দের চাটনির সঙ্গে। শীতের সকালে প্রাতঃরাশে কিংবা সন্ধ্যার জলখাবারে এই পরোটা হতে পারে সুস্বাদু একটি পদ।

No comments:

Post a Comment

Post Top Ad