ন্যাশনাল ডেস্ক, ১৪ নভেম্বর ২০২৬: কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর একটি বই সম্প্রতি প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ্যে আসার পর থেকেই তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। এরই মধ্যে গান্ধী পরিবারকে নিশানা করে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট শেয়ার করেছিলেন বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। সেই পোস্টকে কেন্দ্র করেই তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। অভিযোগ, ওই পোস্টগুলিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং তাঁর দুই ছেলে সঞ্জয় গান্ধী ও রাজীব গান্ধীর মৃত্যু নিয়ে অত্যন্ত উস্কানিমূলক মন্তব্য করা হয়েছিল।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, শিমলার পুলিশ সুপার গৌরব সিং জানিয়েছেন, শিমলার বাসিন্দা ক্যাপ্টেন অতুল শর্মার অভিযোগের ভিত্তিতে এই মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হবে। ভারতীয় ন্যায় সংহিতার ধারা ১৯৬ (১)(বি) (বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা ছড়ানো), ৩৫৩(২) এবং ৩৫৬(২)নম্বর ধারা (মানহানি)-এর অধীনে মামলা রুজু হয়েছে। অভিযোগকারী শর্মার দাবী, গত ১০ নভেম্বর কঙ্গনা রানাউত তাঁর ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেছিলেন। সেখানে ইন্দিরা গান্ধী, সঞ্জয় গান্ধী ও রাজীব গান্ধীর মৃত্যু নিয়ে অত্যন্ত উস্কানিমূলক মন্তব্য করা হয়েছিল।
পুলিশের মহাপরিচালকের কাছে ইমেলের মাধ্যমে পাঠানো অভিযোগে কঙ্গনা রানাউতের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে সাইবার ফরেনসিক তদন্তের দাবী জানিয়েছিলেন শর্মা। বৃহস্পতিবার রাত ৭টা ৫১ মিনিটে তিনি ওই অভিযোগ পাঠিয়েছিলেন। সেই ভিত্তিতে শুক্রবার অভিযোগ দায়ের হয়।
শর্মার অভিযোগ অনুযায়ী, ওই পোস্টগুলিতে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে একজন ‘রহস্যময় বিদেশি নাগরিক’ হিসেবে তুলে ধরা হয়েছিল। দাবী করা হয়, বিদেশের একটি ক্যাফেতে উপস্থিত থাকার সময় তাঁর পরিবারের সদস্যদের একের পর এক হত্যা করা হয়। পরবর্তী সময়ে তিনি দেশের সরকারের প্রধান হন এবং সেই সময় একটি চমকে দেওয়ার মতো মন্তব্য করেছিলেন।
পাশাপাশি, পোস্টে আরও অভিযোগ করা হয়েছিল যে সঞ্জয় গান্ধীর মৃত্যুর পর মেনকা গান্ধীকে আচমকাই তাঁদের পারিবারিক বাসভবন থেকে বের করে দেওয়া হয়েছিল। শর্মার বক্তব্য, এ ধরণের মিথ্যা ধারণা প্রচারের ফলে মানুষের মধ্যে বিদ্বেষ ছড়াতে পারে এবং জনশান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। অভিযোগকারীর দাবী, মানুষের মধ্যে ভয় বা আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই ওই পোস্টগুলির মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করা হয়।

No comments:
Post a Comment