ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে কী বললেন জয়শঙ্কর? - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, November 14, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে কী বললেন জয়শঙ্কর?


ন্যাশনাল ডেস্ক, ১৪ নভেম্বর ২০২৬: সাম্প্রতিক সময়ে ভারত ও আমেরিকার সম্পর্কের ক্ষেত্রে একাধিক টানাপোড়েন দেখা গিয়েছে। ভারতের বিরুদ্ধে চড়া শুল্ক আরোপের সিদ্ধান্তে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে বিশ্বব্যবস্থার পরিবর্তন নিয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানিয়ে দেন, বিদেশনীতি এবং সোশ্যাল মিডিয়া এক বিষয় নয়।


হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট (এইচটিএলএস ২০২৬)-এ বিশ্বে নতুন ব্যবস্থার রূপরেখা কেমন হবে, সেই প্রশ্নের উত্তরে জয়শঙ্কর বলেন, নতুন বিশ্বব্যবস্থা হঠাৎ করে তৈরি হবে না বরং বর্তমান ব্যবস্থার বিকাশের মধ্য দিয়েই তা গড়ে উঠবে। তাঁর কথায়, ‘‘এর মধ্যে একটি পরিবর্তনের পর্যায় থাকবে। আমরা এখন সেই পরিবর্তনের মধ্য দিয়েই যাচ্ছি। আমাদের আশা, বিশ্বে ভারতের প্রভাব আরও শক্তিশালী হবে এবং সেখানে ভারতীয় দৃষ্টিভঙ্গিও সামিল থাকবে। নতুন বিশ্বব্যবস্থা আরও বেশি বহুমেরুকেন্দ্রিক হবে। সেখানে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার মতো একাধিক কেন্দ্র তৈরি হবে।’’


ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে কী বললেন জয়শঙ্কর?

ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত বাণিজ্য চুক্তি নিয়ে জয়শঙ্কর জানান, আলোচনা এখন একেবারে শেষ পর্যায়ে রয়েছে। বিষয়টি আর গোপন কিছু নয়। তাঁর কথায়, ‘‘বেশিরভাগ বিষয়েই আমরা সমাধান সূত্র খুঁজে পেয়েছি। শুধু শেষ কয়েকটি বিষয় বাকি রয়েছে। বেশ কিছু ক্ষেত্রে আমাদের বিশেষ কোনও উদ্বেগও নেই। আশা করছি, খুব শীঘ্রই চুক্তিটি চূড়ান্ত করা সম্ভব হবে।’’ পাশাপাশি, ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তিকে আরও বৃহত্তর দৃষ্টিভঙ্গি থেকে দেখার জন্য দুই পক্ষের কাছেই আবেদন জানান বিদেশমন্ত্রী।


তিনি বলেন, ‘‘মুক্ত বাণিজ্য চুক্তি থেকে মানুষ যে ধরণের সুবিধা আশা করেছিলেন, অনেক ক্ষেত্রে তা পাওয়া যায়নি। গত কয়েক বছরে সম্পাদিত মুক্ত বাণিজ্য চুক্তিগুলির কৌশলগত দিকগুলি পর্যালোচনা করা হয়েছে।’’ জয়শঙ্কর জানান, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন, সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমানের সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি রয়েছে। এ ছাড়াও আরও কয়েকটি দেশের সঙ্গে চুক্তি হয়েছে। এই চুক্তিগুলির সবচেয়ে বড় সুবিধা হল, ভারতের রফতানি বাড়ছে। একই সঙ্গে দেশের শিল্প ও ব্যবসাক্ষেত্রে প্রতিযোগিতার সক্ষমতাও বৃদ্ধি পাচ্ছে। তাঁর মতে, এই চুক্তিগুলির ইতিবাচক ফল ইতিমধ্যেই সামনে আসতে শুরু করেছে।


জয়শঙ্কর বলেন, বাণিজ্য চুক্তির ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল এমন একটি জায়গায় পৌঁছনো, যেখানে দুই পক্ষই সহমত পোষণ করবে। আর তা কোনও জাদুবলে বা রাতারাতি সম্ভব নয়। জয়শঙ্কর বলেন, ‘‘আমরা অত্যন্ত পরিশ্রমের সঙ্গে কাজ করেছি। এত চেষ্টার পর এখন আমরা একেবারে শেষ পর্যায়ে পৌঁছেছি। তাই একটু ধৈর্য ধরুন। আশা করছি, আমরা এটা সম্পন্ন করতে পারব।’’


আমেরিকা ও চীনের কারণে কি বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা?

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, আগামী বছরগুলিতে বিশ্বজুড়ে যে অস্থিরতা চলছে, তা বিভিন্ন রূপে সামনে আসবে। তাঁর কথায়, ‘‘আপনি এটা বলতে পারেন না, উপসাগরীয় দেশগুলি কিংবা ইউক্রেনে যা ঘটছে, তার জন্য শুধুমাত্র আমেরিকা ও চীনের মধ্যেকার টানাপোড়েনকে দায়ী। এর পিছনে একাধিক কারণ রয়েছে। তবে সামগ্রিকভাবে বিশ্বজুড়ে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার একটি বড় অংশ জুড়েই রয়েছে আমেরিকা ও চীনের মধ্যে প্রতিযোগিতা।’’ জয়শঙ্কর আরও বলেন, এই পরিস্থিতির অন্যতম দিক হল, দুই শক্তিধর দেশের প্রতিযোগিতার মাঝে অনেক দেশকেই কার্যত মাঝখানে পড়ে যেতে হচ্ছে।


ভারতের প্রসঙ্গ তুলে বিদেশমন্ত্রী বলেন, এমন অস্থির পরিস্থিতিতে একটি মজবুত ও স্থিতিশীল নেতৃত্ব থাকা অত্যন্ত জরুরি। তাঁর কথায়, ‘‘পাঁচ বছর আগেও ভাবা কঠিন ছিল যে, বিশ্বায়ন এবং দেশগুলির মধ্যে পারস্পরিক নির্ভরশীলতার এই সময়ে কোনও বড় যুদ্ধ শুরু হতে পারে। অথচ এখন আমরা দেখছি, সেই যুদ্ধ পঞ্চম বছরে প্রবেশ করেছে।’’


তিনি আরও বলেন, উপসাগরীয় দেশগুলিতে বর্তমানে যা ঘটছে, তা-ও আগে কল্পনা করা কঠিন ছিল। এক দেশ অন্য দেশের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়বে, একে অপরের সামরিক ঘাঁটি, শহর, সেনাবাহিনী এমনকগ নেতৃত্বকে নিশানা করবে—এমন পরিস্থিতির কথা কেউ ভাবেননি। মানুষের ধারণা ছিল, এ ধরণের ঘটনা ঘটার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কিন্তু বাস্তবে এখন ঠিক সেটাই ঘটছে।

No comments:

Post a Comment

Post Top Ad