বিনোদন ডেস্ক, ০৪ নভেম্বর ২০২৬: সকালের সতেজতা হোক কিংবা সন্ধ্যার আড্ডা, প্রতিটি মুহূর্তকে আরও উপভোগ্য করে তুলতে চায়ের জুড়ি মেলা ভার। বেশিরভাগ মানুষকে যদি জিজ্ঞাসা করা হয়, তাঁদের প্রথম পছন্দ কী, তাহলে উত্তর হিসেবে সবার আগে উঠে আসে ‘চা’-এর নাম। চা এখন প্রায় সকলের জীবনের এমন একটি অংশ হয়ে উঠেছে। এটা ছাড়া দিনটা যেন অসম্পূর্ণ থেকে যায়। তবে, চায়ের এই পরিচিত স্বাদে নতুনত্ব আনতে স্ট্রিট স্টাইল মশলা চায়ের বিকল্প নেই। এটি তৈরির পদ্ধতিও সহজ। এই চা তৈরিতে ব্যবহৃত উপকরণগুলি একদিকে যেমন স্বাদ বাড়ায়, তেমনই কিছু উপাদান শরীরের জন্যও উপকারী হতে পারে। মশলা চায়ে আদা, এলাচ, দারুচিনি ও গোলমরিচের মতো উপকরণ ব্যবহার করা হয়। এগুলি ঠাণ্ডা লাগা, সর্দি-কাশির উপসর্গে কিছুটা হলেও স্বস্তি দিতে পারে।
মশলা চা তৈরির উপকরণ
* জল – ১ কাপ
* দুধ – ১ কাপ
* চা পাতা – ২ ছোট চামচ
* চিনি – স্বাদ অনুযায়ী
* আদা – আধ ইঞ্চি টুকরো (থেঁতো করা)
* এলাচ – ২টি (হালকা থেঁতো করা)
* দারুচিনি – ১টি ছোট টুকরো
* লবঙ্গ – ২টি (হালকা থেঁতো করা)
* গোলমরিচ – ৩-৪টি (হালকা থেঁতো করা)
মশলা চা তৈরির পদ্ধতি
প্রথমে একটি পাত্রে জল নিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন। এরপর তাতে আদা, এলাচ, দারুচিনি, লবঙ্গ ও গোলমরিচ দিয়ে দিন। মশলাগুলি ফুটতে শুরু করলে এবং সুন্দর সুগন্ধ বের হতে থাকলে, তাতে চা পাতা যোগ করুন।
এবার দুধ ও স্বাদ অনুযায়ী চিনি দিয়ে চা ভালোভাবে ফুটিয়ে নিন। চায়ের রং ও সুগন্ধ ভালোভাবে ফুটে উঠলে, ছাঁকনির সাহায্যে চা ছেঁকে নিন। তৈরি হয়ে গেল সুস্বাদু স্ট্রিট স্টাইল মশলা চা। গরম গরম এই চা পকোড়া কিংবা পছন্দের স্ন্যাকসের সঙ্গে পরিবেশন করুন এবং উপভোগ করুন চায়ের অপূর্ব স্বাদ ও সুবাস।

No comments:
Post a Comment