মুক্তি সঙ্কটে সানি দেওলের ‘সূর্য’! ট্রেলার ঘিরে বিতর্ক তুঙ্গে, জল গড়াল হাইকোর্টে - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, November 4, 2026

মুক্তি সঙ্কটে সানি দেওলের ‘সূর্য’! ট্রেলার ঘিরে বিতর্ক তুঙ্গে, জল গড়াল হাইকোর্টে


বিনোদন ডেস্ক, ০৪ নভেম্বর ২০২৬: বলিউড অভিনেতা সানি দেওলের আগামী ছবি ‘সূর্য: অন্ত সে আরম্ভ তক’, মুক্তির আগেই বিতর্কে জড়িয়ে পড়েছে। ছবির ট্রেলারে চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের মারধরের দৃশ্য দেখানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন কয়েকজন চিকিৎসক। এমনকি ছবির মুক্তি স্থগিত রাখার দাবীতে তাঁরা দিল্লী হাইকোর্টের দ্বারস্থ পর্যন্ত হয়েছিলেন। যদিও বুধবার এই নতুন জনস্বার্থ মামলায় শুনানি করতে অস্বীকার করেছে আদালত। আগামী ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।


চিকিৎসক নচিকেতা ভাটিয়া এবং চিকিৎসক ধ্রুব চৌহান ছবিটির বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। তাঁদের বক্তব্য, ছবির ট্রেলারে চিকিৎসক এবং হাসপাতালের অন্যান্য কর্মীদের যেভাবে মারধর করতে দেখা গিয়েছে, তাতে সমাজের কাছে ভুল বার্তা পৌঁছতে পারে। আবেদনকারীদের আরও অভিযোগ, ছবিতে গোটা চিকিৎসা ক্ষেত্রকে দুর্নীতিগ্রস্ত হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এর ফলে সাধারণ মানুষের মনে চিকিৎসকদের প্রতি ক্ষোভ বাড়তে পারে। পাশাপাশি চিকিৎসকদের ওপর হিংসার ঘটনাও উৎসাহিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।


দিল্লী হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নীতিন বাসুদেব সামব্রে এবং বিচারপতি সঞ্জয় শর্মার বেঞ্চ জানিয়েছে, এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই একটি মামলা আদালতের একক বিচারপতির কাছে বিচারাধীন রয়েছে। তাই একই বিষয় নিয়ে নতুন করে পৃথক একটি মামলার শুনানির প্রয়োজন নেই। আদালত জানিয়েছে, আগের মামলাটির শুনানি আগামী ১৬ নভেম্বর হওয়ার কথা রয়েছে। পাশাপাশি নতুন আবেদনকারীদের ওই মামলায় নিজেদের বক্তব্য তুলে ধরার অনুমতিও দেওয়া হয়েছে।


ছবির কোন কোন দৃশ্য নিয়ে আপত্তি?

চিকিৎসকরা তাঁদের আবেদনে ছবির কয়েকটি দৃশ্য এবং সংলাপ নিয়েও আপত্তি জানিয়েছেন। তাঁদের দাবী, ওই দৃশ্য ও সংলাপগুলি সিনেমাটোগ্রাফ আইন, ১৯৫২-এর ৫বি ধারার নিয়মের পরিপন্থী। এ বিষয়ে তাঁরা তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং সেন্সর বোর্ডের কাছে সংশ্লিষ্ট অংশগুলি খতিয়ে দেখার দাবী জানিয়েছেন। পাশাপাশি বিতর্কিত দৃশ্য ও সংলাপগুলি ছবি থেকে বাদ দেওয়া অথবা পরিবর্তন করার আবেদনও করেছেন। শুনানির সময় সেন্সর বোর্ডের তরফে জানানো হয়েছে, ছবিটি এখনও শংসাপত্র পায়নি। বর্তমানে ছবিটির পরীক্ষণ প্রক্রিয়া চলছে।


এখন সকলের নজর আগামী ১৬ নভেম্বরের শুনানির দিকে। ওই দিন ছবিটি নিয়ে চলতে থাকা বিতর্কের পরবর্তী পরিস্থিতি স্পষ্ট হতে পারে। যদিও, আপাতত দিল্লী হাইকোর্ট ছবিটির মুক্তির অনুমতি দেয়নি বরং আদালত শুধু নতুন জনস্বার্থ মামলাটির পৃথকভাবে শুনানি করতে অস্বীকার করেছে।

No comments:

Post a Comment

Post Top Ad