ন্যাশনাল ডেস্ক, ০৮ নভেম্বর ২০২৬: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বরাবরের মতো এবারও দেশের বীর জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপনের সিদ্ধান্ত নিয়েছেন। দীপাবলির সকালে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ পোস্ট করে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, দেশের সাহসী নিরাপত্তারক্ষীদের সঙ্গে দীপাবলি উদযাপন করতে তিনি বস্তারে যাচ্ছেন। একসময় এই এলাকায় মাওবাদীদের দাপট ছিল। বর্তমানে সেখানে দ্রুত উন্নয়ন হচ্ছে। দেশের সাহসী নিরাপত্তাকর্মীদের আত্মত্যাগ, নিঃস্বার্থ সেবা এবং দেশের প্রতি তাঁদের অবিচল নিষ্ঠার জন্য শ্রদ্ধা জানাতেই তাঁর এই সফর।
নিজের এক্স পোস্টে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “দীপাবলির এই পবিত্র সময় উপলক্ষে বস্তারে যাচ্ছি। গতকাল পর্যন্ত যেখানে মাওবাদীদের তাণ্ডব ছিল, সেখানে আজ উন্নয়নের জোয়ার। বীর জওয়ানদের আত্মত্যাগ, ত্যাগ ও তপস্যাকে প্রণাম জানাতে যাচ্ছি।”
উল্লেখ্য, আজ গোটা দেশজুড়ে আলোর উৎসব দীপাবলি উদযাপন হচ্ছে ধুমধামের সঙ্গে। প্রত্যেকেই পরিবারের সঙ্গে এই উৎসবের আনন্দ ভাগ করে নিচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও প্রতি বছরের মতো এবারও দেশের বীর জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করবেন। গত বছর গোয়ায় আইএনএস বিক্রান্তে নৌসেনার জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করেছিলেন প্রধানমন্ত্রী।
জওয়ানদের সঙ্গে প্রধানমন্ত্রীর দীপাবলি উদযাপন-
২৩ অক্টোবর ২০১৪ | সিয়াচেন, লাদাখ
১১ নভেম্বর ২০১৫ | খাসা সীমান্ত, পাঞ্জাব
৩০ অক্টোবর ২০১৬ | সুমদো, হিমাচল প্রদেশ
১৮ অক্টোবর ২০১৭ | গুরেজ সেক্টর, জম্মু-কাশ্মীর
৭ নভেম্বর ২০১৮ | হর্ষিল, উত্তরাখণ্ড
২৭ অক্টোবর ২০১৯ | রাজৌরি, জম্মু-কাশ্মীর
১৪ নভেম্বর ২০২০ | জয়সলমের, রাজস্থান
৪ নভেম্বর ২০২১ | নৌশেরা, জম্মু-কাশ্মীর
২৪ অক্টোবর ২০২২ | কার্গিল, লাদাখ
১২ নভেম্বর ২০২৩ | লেপচা, হিমাচল প্রদেশ
৩১ অক্টোবর ২০২৪ | সর ক্রিক, গুজরাট
২০ অক্টোবর ২০২৫ | আইএনএস বিক্রান্ত, গোয়া
জওয়ানদের মাঝে যাওয়ার আগে শনিবার ইনস্টাগ্রামে একটি রিল শেয়ার করে দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে তিনি জানিয়েছিলেন, প্রতি বছরের মতো এ বছরও সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করবেন তিনি। ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “দীপাবলির পবিত্র উৎসব পর্ব। গোটা দেশ আলোয় ঝলমল করছে। আলোর এই উৎসব অন্ধকারের বিরুদ্ধে আমাদের সংকল্পের পরিচয় দেয়।”


No comments:
Post a Comment