বিনোদন ডেস্ক, ০২ নভেম্বর ২০২৬: আমাদের অনেকেরই রান্নাঘরে খিচুড়ির জনপ্রিয়তা চিরকালীন। বৃষ্টির দিনে কিংবা হালকা খাবারের ইচ্ছা হলে খিচুড়ির জুড়ি মেলা ভার। তবে চিরাচরিত চাল ও ডালের খিচুড়িতে এবার একটু নতুনত্ব আনতে পারেন। চালের পরিবর্তে ব্যবহার করুন কিনোয়া। পুষ্টিগুণে ভরপুর এই দানা দিয়ে তৈরি করা যায় সুস্বাদু খিচুড়ি। সহজ রান্নার পদ্ধতি আর পরিচিত মশলার ব্যবহারে কিনোয়া খিচুড়ি হয়ে উঠতে পারে দুপুর কিংবা রাতের খাবারের একটি আকর্ষণীয় পদ।
উপকরণ:-
- কিনোয়া – ১ কাপ
- মুগ ডাল – ১/২ কাপ
- আলু – ১টি
- গাজর – ১টি
- ফুলকপি – কয়েকটি ছোট টুকরো
- আদা বাটা – ১ চা চামচ
- কাঁচালঙ্কা বাটা - ১ চামচ বা স্বাদমতো
- গোটা জিরে – আধ চা চামচ
- তেজপাতা – ১টি
- হলুদ গুঁড়ো – আধ চা চামচ
- নুন – স্বাদমতো
- ঘি – ১ টেবিল চামচ
- জল – ৩ থেকে ৪ কাপ
কিনোয়া খিচুড়ি তৈরির পদ্ধতি:-
প্রথমে কিনোয়া ভালো করে ধুয়ে কিছুক্ষণ ঝরিয়ে রাখুন। অন্যদিকে মুগ ডাল শুকনো কড়াইতে হালকা ভেজে ধুয়ে নিন। এবার একটি পাত্রে ঘি গরম করে তেজপাতা ও জিরে ফোড়ন দিন। এরপর আদা ও কাঁচালঙ্কা বাটা দিয়ে কিছুক্ষণ নাড়ুন।
এরপর কড়াইতে আলু, গাজর ও ফুলকপির টুকরো দিয়ে হালকা ভেজে নিন। এবার কিনোয়া ও মুগ ডাল যোগ করুন। তার সঙ্গে হলুদ গুঁড়ো ও নুন মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করুন।
এরপর পরিমাণমতো জল দিয়ে পাত্রটি ঢেকে মাঝারি আঁচে রান্না করুন। কিনোয়া ও ডাল নরম হয়ে এলে এবং খিচুড়ি মাখামাখি হয়ে গেলে আঁচ বন্ধ করে দিন। উপর থেকে সামান্য ঘি ছড়িয়ে পরিবেশন করুন গরম গরম কিনোয়া খিচুড়ি।
প্রতিদিনের খাবারের তালিকায় নতুন কোনও পদ যোগ করতে চাইলে বাড়িতে একবার তৈরি করে দেখতেই পারেন এই কিনোয়া খিচুড়ি।

No comments:
Post a Comment