ন্যাশনাল ডেস্ক, ০২ নভেম্বর ২০২৬: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। প্রধানমন্ত্রীকে খোলা বিতর্কের চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। সেইসঙ্গে তাঁর অভিযোগ, বিদেশি সাহায্যেই প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী। এমনকী, বিদেশি সহায়তার জোরেই তিনি এখনও প্রধানমন্ত্রী পদে রয়েছেন।
সোমবার এক্সে পোস্ট করে রাহুল গান্ধী স্পষ্ট ভাষায় লিখেছেন, 'মোদীজি, এই দেশের মানুষের কাছে মিথ্যা বলা বন্ধ করুন। আপনি বিদেশি সাহায্যে প্রধানমন্ত্রী হয়েছেন। আর বিদেশি সাহায্যেই প্রধানমন্ত্রী পদে রয়েছেন। আপনার অর্থনৈতিক ব্যবস্থা সম্পূর্ণভাবে বিদেশিদের নিয়ন্ত্রণে এবং সমর্থন থেকে। বিদেশি সোশ্যাল মিডিয়া সম্পূর্ণভাবে আপনার পাশে দাঁড়িয়ে আছে।'
রাহুল গান্ধী আরও লেখেন, 'এই বিষয়টি নিয়ে আমি আপনাকে প্রকাশ্যে বিতর্কের চ্যালেঞ্জ জানাচ্ছি। যে কোনও মঞ্চে, যে কোনও সময়। সাহস থাকলে আসুন। আপনি আসবেন না, কারণ আপনার সম্পর্কে আমি যা জানি, তা নিয়ে আপনি ভীত।'
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের পাল্টা এই আক্রমণ শানান রাহুল গান্ধী। গত ৩১ অক্টোবর ভাষণ দিতে গিয়ে কংগ্রেস ও বিরোধীদের নিশানা করেছিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেছিলেন, দেশকে বিভক্ত করার চেষ্টা করছে বাধা সৃষ্টিকারী শক্তিগুলি। গুজব ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা হচ্ছে।
গুজরাটের নর্মদা জেলার একতা নগরে স্ট্যাচু অফ ইউনিটির সামনে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত জাতীয় ঐক্য দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিরোধীরা এখন বাধা সৃষ্টিকারী শক্তিতে পরিণত হয়েছে। সোশ্যাল মিডিয়াকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। ছড়ানো হচ্ছে গুজব এবং ভারতের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। এছাড়াও, প্রধানমন্ত্রী মোদী 'দিমাগি নকশাল'দের বিরুদ্ধে সতর্ক করেন। পাশাপাশি, একটি ধর্মনিরপেক্ষ দেওয়ানি বিধির দিকে এগিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার উপরেও জোর দেন তিনি।

No comments:
Post a Comment