ন্যাশনাল ডেস্ক, ০৮ নভেম্বর ২০২৬: কুসংস্কারের ছায়া ও পারস্পরিক বিবাদকে কেন্দ্র করে এক ভয়ঙ্কর ঘটনা সামনে এসেছে। এক যুবককে লাঠি-ডাণ্ডা দিয়ে নির্মমভাবে মারধর করে খুন করা হয়েছে। কারণ, বাড়ি থেকে বেরোনোর সময় তিনি তাঁর প্রতিবেশীকে থামিয়ে শুধুমাত্র একটি প্রশ্ন করেছিলেন। এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিহারের নালন্দা জেলার সরমেরা থানা এলাকার পরনামা গ্রামে শনিবার রাতে ঘটেছে এই ঘটনা। খবর পেয়েই স্থানীয় থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিহারশরিফ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে। বর্তমানে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
মৃত ব্যক্তির পরিচয় জানা গিয়েছে। তিনি পরনামা গ্রামের বাসিন্দা, প্রয়াত নরেশ মাঝির ৩৬ বছর বয়সি ছেলে সমন্ত মাঝি। মৃতের পরিবারের সদস্যদের দাবী, গাড়ি বের করা নিয়ে বিবাদের সূত্রপাত হয়। সাধু মাঝি যখন গাড়ি নিয়ে কোথাও যাচ্ছিলেন, তখন সমন্ত মাঝি তাঁকে জিজ্ঞাসা করেন, কোথায় যাচ্ছেন? এই সামান্য প্রশ্নেই ক্ষিপ্ত হয়ে ওঠেন সাধু মাঝি। মুহূর্তের মধ্যে বিবাদ চরমে পৌঁছয়। এরপর সাধু মাঝি লাঠি ও ডাণ্ডা নিয়ে এসে সমন্ত মাঝির ওপর নির্মমভাবে হামলা চালান। ঘটনার পর অভিযুক্ত গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছেন।
মারধরের জেরে গুরুতর আহত হন সমন্ত মাঝি। পরিবারের সদস্যরা তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু পথেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। জানা গিয়েছে, মৃত ও অভিযুক্ত দু’জনেই পরস্পরের প্রতিবেশী।
এই ঘটনার বিষয়ে সরমেরা থানার পুলিশ জানিয়েছে, খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ শুরু করা হয়েছে। প্রাথমিক তদন্তে কুসংস্কারের বিষয়টি উঠে এসেছে। তবে এই দিকটিও গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, দুই পক্ষের মধ্যে আগে থেকেই প্রায়ই বিবাদ লেগে থাকত। অভিযুক্তকে শীঘ্রই গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।

No comments:
Post a Comment