ঘুমের মধ্যে পায়ের পেশিতে অসহ্য টান! জানুন কেন হয়, কীভাবে মিলবে স্বস্তি? - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, November 29, 2026

ঘুমের মধ্যে পায়ের পেশিতে অসহ্য টান! জানুন কেন হয়, কীভাবে মিলবে স্বস্তি?

 


লাইফস্টাইল ডেস্ক, ২৯ নভেম্বর ২০২৬: রাতে গভীর ঘুমের মধ্যে হঠাৎ পায়ের পেশিতে টান ধরা এমন একটি সমস্যা, যার মুখোমুখি হতে হয় অনেককেই। অনেক সময় ঘুমের মধ্যেই আচমকা পায়ের পাতা বা পায়ের পেশিতে তীব্র টান অনুভূত হয়। ব্যথা এতটাই বেশি হতে পারে যে ঘুম ভেঙে যায়। এমনকি বেশ কিছুক্ষণ পায়ে শক্তভাব ও অস্বস্তি থেকে যায়। সাধারণ কথায় একে পায়ে টান ধরা বলা হয়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই সমস্যাকে বলা হয় ‘নাইট টাইম লেগ ক্র্যাম্প’। কিন্তু ঘুমের মধ্যে হঠাৎ পায়ে টান ধরে কেন? এর কারণ কী? এই সমস্যা হলে তেল মালিশ করা কি আদৌ ঠিক? আর পায়ে টান ধরলে কী করণীয়? জেনে নেওয়া যাক।


রাতে ঘুমের মধ্যেই কেন পায়ে টান ধরে?

বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, এক্ষেত্রে আসলে কোনও শিরায় টান ধরে না। আবার তেল মালিশ করলেই যে এই সমস্যা সেরে যায়, এমনটাও নয়। শরীরের অভ্যন্তরীণ কিছু পরিবর্তনের কারণে এই সমস্যা দেখা দিতে পারে। শরীরে জলের ঘাটতি এবং সারাদিনের ক্লান্তির ফলে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও ক্যালশিয়ামের মতো ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হতে পারে। এর ফলে মস্তিষ্ক ও পায়ের পেশির মধ্যে স্নায়বিক সংকেত আদানপ্রদানে সমস্যা তৈরি হয়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে ‘মোটর নিউরন হাইপারএক্সসাইটেবিলিটি’ বলা হয়। এর ফলে পেশি হঠাৎ সংকুচিত হয়ে শক্ত গিঁটের মতো হয়ে যায়। এমন অবস্থায় পা এদিক-ওদিক নাড়াচাড়া করা কিংবা জোরে মালিশ করলে পেশিতে টান বা আঘাত লাগতে পারে।


পায়ে টান ধরলে তেল মালিশ করা কি ঠিক?

পায়ে টান ধরলেই ব্যথা থেকে মুক্তি পেতে অনেকেই তেল মালিশ করতে শুরু করেন। কিন্তু পেশিতে টান ধরার পর যে ব্যথা অনুভূত হয়, তা অনেক সময় এক থেকে দু’মিনিটের মধ্যেই নিজে থেকে কমে যায়। ফলে অনেকে মনে করেন, তেল মালিশের কারণেই ব্যথা কমেছে। যদিও বাস্তবে বিষয়টি তেমন নয়।


সব পরিস্থিতিতে তেল মালিশ করা ঠিক নয়। সাধারণ পেশির খিঁচুনি এবং পেশিতে আঘাত বা প্রদাহের মধ্যে পার্থক্য রয়েছে। পায়ে আগে থেকেই ফোলাভাব বা আঘাত থাকলে জোরে চাপ দিয়ে মালিশ করলে ব্যথা ও অস্বস্তি আরও বেড়ে যেতে পারে। তাই সমস্যার কারণ না বুঝে জোরে জোরে মালিশ করা থেকে বিরত থাকা উচিৎ।


এই সমস্যা হলে কী করবেন?

পায়ে টান ধরলে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। প্রথমে সোজা হয়ে বসুন। এরপর পায়ের পাতাটি ধরে ধীরে ধীরে নিজের শরীরের দিকে উপরের দিকে টানুন। এতে পায়ের পেশির টান কমতে পারে এবং আরাম পাওয়া যায়।


কখন সতর্ক হওয়া জরুরি?

রাতে বারবার পায়ে টান ধরলে, দীর্ঘক্ষণ ব্যথা থাকলে কিংবা পায়ে ফোলাভাব, লালচে ভাব ও অতিরিক্ত গরম অনুভূত হলে বিষয়টি অবহেলা করা উচিৎ নয়। অনেক সময় এর নেপথ্যে স্নায়ু, রক্ত সঞ্চালন কিংবা অন্য কোনও শারীরিক সমস্যা থাকতে পারে। এমন পরিস্থিতিতে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।



বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে দেওয়া তথ্যগুলি সম্পূর্ণ সত্য ও নির্ভুল, এমন কোনও দাবী আমরা করছি না। এ বিষয়ে আরও বিস্তারিত ও সঠিক তথ্য জানতে সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন। আর মনে রাখবেন, পায়ে টান ধরার কারণ সব সময় শরীরে জলের বা খনিজের ঘাটতি নয়। বারবার এমন হলে নিজে থেকে কোনও খনিজ সাপ্লিমেন্ট না খেয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

No comments:

Post a Comment

Post Top Ad