'উড়ন্ত চু-মু' দিয়ে বিতর্কে তৃণমূল বিধায়ক - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, February 25, 2026

'উড়ন্ত চু-মু' দিয়ে বিতর্কে তৃণমূল বিধায়ক


উত্তর ২৪ পরগনা, ২৫ ফেব্রুয়ারি ২০২৬: লক্ষ্মীর ভাণ্ডারে সম্প্রতি ৫০০ টাকা অনুদান বাড়িয়েছে রাজ্য সরকার। আর এই ঘিরে মহিলাদের উন্মাদনা তুঙ্গে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাফল্য উদ্‌যাপনকে কেন্দ্র করে মিছিল হচ্ছে দিকে দিকে। উত্তর ২৪ পরগনার অশোকনগরেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাফল্য উৎযাপন নিয়ে মিছিল হয় মঙ্গলবার। আর এই মিছিল ঘিরে নতুন করে বিতর্কে জড়ালেন অশোকনগরের বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। মিছিল শেষে এক মহিলা কর্মীর উদ্দেশ্যে তাঁর 'উড়ন্ত চুমু' অর্থাৎ ‘ফ্লাইং কিস’ দেওয়ার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক, জোর চর্চা রাজনৈতিক মহলে।


জানা গিয়েছে, এদিন অশোকনগরের শেরপুর এলাকা থেকে একটি মিছিল তিন নম্বর রেলগেট হয়ে মানিকতলা পর্যন্ত যায়। রাজ্য সরকারের জনপ্রিয় সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারে উপকৃত বহু মহিলার অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচিতে পা মেলান অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। মিছিল শেষে দলীয় এক মহিলা কর্মীর সঙ্গে তাঁর কথোপকথনের সময় মজার ছলে ‘ফ্লাইং কিস’দেওয়ার একটি মুহূর্ত ক্যামেরাবন্দি হয়। সেই ছবি ও ভিডিও ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক। যদিও এই ভিডিওটি সত্যতা যাচাই করিনি আমরা।


বিরোধীদের অভিযোগ, একজন জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের আচরণ শোভনীয় নয়। ফের এমন ঘটনার ফলে অশোকনগরের মানুষ প্রশ্ন তুলছেন তাঁদের নির্বাচিত প্রতিনিধির আচরণ নিয়ে। আগামী নির্বাচনে এর প্রভাব পড়তে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।


স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফেও প্রতিক্রিয়া জানানো হয়েছে। তাঁদের বক্তব্য, এ ধরণের ঘটনায় অশোকনগরের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং জনপ্রতিনিধিদের আচরণে সংযম থাকা উচিৎ। বিরোধী নেতৃত্বের কটাক্ষ, 'ওনার এসব অভ্যাস আছে। উনি মহিলাদের মিছিলে ফ্লাইং কিস দিতেই পারেন। তবে আগামী বিধানসভা নির্বাচনে অশোকনগরের মানুষ ওনাকে ফ্লাইং কিস দেওয়ার মুডে নেই।'


উল্লেখ্য, এর আগেও মহিলাদের উদ্দেশ্যে মন্তব্য ঘিরে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন নারায়ণ গোস্বামী।সেই সময় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিরস্কারের মুখেও তাঁকে পড়তে হয়েছিল বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত শাসকদলের তরফে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।আপাতত ‘ফ্লাইং কিস’ বিতর্কে সরগরম অশোকনগর। কিন্তু আসন্ন বিধানসভায় এর প্রভাব ভোট বাক্সে কতটা পড়বে, তার উত্তর সময়ের অপেক্ষা।

No comments:

Post a Comment

Post Top Ad