স্পোর্টস ডেস্ক, ১৫ ফেব্রুয়ারি ২০২৬: চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬। এই পর্বে আজ ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ। এই ম্যাচ ঘিরে আলাদাই উন্মাদনা দেখা যায় দেশ জুড়ে। এটি যেন মর্যাদার লড়াই, যা দুই দেশই জিততে চায়। কেবল খেলোয়াড়রাই নয়, ক্রিকেট-প্রেমীরাও এই ম্যাচ নিয়ে অত্যন্ত সংবেদনশীল। মহাশিবরাত্রিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচ ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এদিনের ম্যাচে টিম ইন্ডিয়ার জয়ের জন্য মধ্যপ্রদেশের উজ্জয়িনীর শ্রী মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে বিশেষ পূজার আয়োজন করা হয়।
ভারত বনাম পাকিস্তান ম্যাচ আজ রবিবার সন্ধ্যা ৭টায় কলম্বোর আর. প্রেমদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচের সময় যতই এগিয়ে আসছে, দর্শকদের মধ্যে উত্তেজনার পারদও ততই চড়ছে। ভারত-পাক ম্যাচের আগে ভারতের জয়ের জন্য প্রতিবারই বিভিন্ন স্থানে যজ্ঞ ও পূজা করা হয়। আজও, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের জন্য উজ্জয়িনীর শ্রী মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে বিশেষ পূজাপাঠ করা হয়। ভক্তরা ভগবান ভোলানাথের কাছে টিম ইন্ডিয়ার পোস্টার নিয়ে পূজা করেন এবং ভারতের জয়ের জন্য প্রার্থনা করেন।
আজ আবার শিবরাত্রিও। আর এই উপলক্ষে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে বিপুল সংখ্যক ভক্তের সমাগম হচ্ছে। ভারতীয় দলের খেলোয়াড়দের ছবি হাতে ক্রিকেট ভক্তরা পঞ্চামৃত এবং অন্যান্য পবিত্র পদার্থ দিয়ে ভগবান অঙ্গারেশ্বরের ওপর অভিষেক করেন, মন্ত্র উচ্চারণ করেন এবং টিম ইন্ডিয়ার জয়ের জন্য প্রার্থনা করেন। পূজার সময় ভক্ত এবং পুরোহিতরা ভারত মাতা কি জয় এবং বন্দে মাতরম স্লোগানও দেন।
এএনআই-এর শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ভারতের জয়ের জন্য ভক্তকূল প্রার্থনা, মন্ত্র জপের মাধ্যমে জলাভিষেক করছে। এএনআই-এর সাথে কথা বলতে গিয়ে একজন ভক্ত বলেন, "আজ মহা শিবরাত্রি এবং ভারত বনাম পাকিস্তান ম্যাচও। আমরা টিম ইন্ডিয়ার জয়ের জন্য বাবা মহাকালের কাছে প্রার্থনা করেছি।"


No comments:
Post a Comment