আহমেদাবাদে থামল ভারতের বিজয় রথ, ৭৬ রানে সূর্যদের হারাল দক্ষিণ আফ্রিকা - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, February 22, 2026

আহমেদাবাদে থামল ভারতের বিজয় রথ, ৭৬ রানে সূর্যদের হারাল দক্ষিণ আফ্রিকা


স্পোর্টস ডেস্ক, ২২ ফেব্রুয়ারি ২০২৬: থামল টিম ইন্ডিয়ার বিজয় রথ। সুপার ৮-এর ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে শোচনীয় পরাজয় সূর্যদের। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সুপার ৮-এর ম্যাচ রবিবার ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা হয়। এই ম্যাচে ৭৬ রানে হেরেছে ভারত। এই বিশ্বকাপে টিম ইন্ডিয়ার এটি প্রথম পরাজয়। এরই সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার গত ১২টি ম্যাচে জয়ের ধারাও থেমে গেল। এদিন দক্ষিণ আফ্রিকা টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে প্রোটিয়া বাহিনী ৭ উইকেট হারিয়ে ১৮৭ রান করে। জবাবে, ভারতীয় দল ১৮.৫ ওভারে ১১১ রানেই গুটিয়ে যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপে রানের দিক থেকে এটি টিম ইন্ডিয়ার সবচেয়ে বড় পরাজয়।


এদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকার শুরুটা ভালো হয়নি। তাঁদের টপ অর্ডার ব্যাটসম্যান এইডেন মার্করাম ৪, কুইন্টন ডি কক ৬ এবং রায়ান রিকেলটন ৭ রান করেন। দ্রুত তিনটি উইকেট হারানোর পর, ডেভিড মিলার এবং ডিওয়াল্ড ব্রেভিস ৫০ বলে চতুর্থ উইকেটে ৯৭ রানের জুটি গড়েন। ব্রেভিস ২৯ বলে ৪৫ রান করেন, তিনটি চার ও তিনটি ছক্কা মারেন। ডেভিড মিলার ৩৫ বলে ৬৩ রান করেন, সাতটি চার ও তিনটি ছক্কা মারেন তিনি। এই দুজনের সাথে ট্রিস্টান স্টাবস ২৪ বলে অপরাজিত ৪৪ রান করেন। দলের অন্য ব্যাটসম্যানরা দুই অঙ্কেও পৌঁছাতে ব্যর্থ হন। ভারতের হয়ে সর্বাধিক উইকেট নেন জসপ্রীত বুমরাহ; তিনটি উইকেট নিয়েছেন তিনি। এছাড়া অর্শদীপ সিং দুটি উইকেট নেন।


লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটাই খারাপ হয় টিম ইন্ডিয়ার। ঈশান কিষাণ চার বলে শূন্য রানে আউট হন। আগের তিনটি ম্যাচে শূন্য রানে আউট হওয়া অভিষেক শর্মা ১২ বলে ১৫ রান করেন। এই ম্যাচে তিলক দুই বলে এক রান করেন। এই ম্যাচে অধিনায়ক সূর্যকুমার যাদবও ধীর গতিতে ইনিংস খেলেন। তিনি ২২ বলে ১৮ রান করেন। সুন্দর ১১ আর হার্দিক ১৮ রান করেন। এই ম্যাচে টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরা সত্যিই ভক্তদে্য হতাশ করেছেন। এদিনের ম্যাচে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করেন শিবম দুবে। তিনি ৩৭ বলে ৪২ রানের ইনিংস খেলেন। দক্ষিণ আফ্রিকার হয়ে মার্কো জেনসেন ৪ উইকেট এবং কেশব মহারাজ ৩ উইকেট নেন।

No comments:

Post a Comment

Post Top Ad