প্রেসকার্ড নিউজ ওয়ার্ল্ড ডেস্ক, ২২ মার্চ ২০২৬, ২০:২৫:০১ : ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু রবিবার ডিমোনা ও আরাদ শহরে ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তিনি বলেন, গত ৪৮ ঘণ্টায় ইরান যা করেছে, তা প্রমাণ করে যে তারা সমগ্র বিশ্বের জন্য বড় হুমকি। নেতানিয়াহু অভিযোগ করেন, ইরান সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলা চালিয়েছে—এমনকি শিশুদের যত্নকেন্দ্র ও বৃদ্ধদের বাসস্থানও রক্ষা পায়নি।
তিনি আরও দাবী করেন, ইরান আন্তর্জাতিক আইনবিরোধী নিষিদ্ধ গুচ্ছ বোমার মতো অস্ত্র ব্যবহার করছে। বিশ্বনেতাদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান, এখনই সময় এই লড়াইয়ে সরাসরি অংশ নেওয়ার। তিনি প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতির বক্তব্যকে সমর্থন করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শুধু নিজেদের জন্য নয়, সমগ্র বিশ্বের নিরাপত্তার জন্য লড়ছে। তাঁর মতে, আর অপেক্ষা নয়—এই বিপদ থামাতে এখনই পদক্ষেপ নেওয়া দরকার।
নেতানিয়াহু আরও বলেন, ইরান পবিত্র ধর্মীয় স্থানগুলোকেও লক্ষ্যবস্তু করেছে। তাঁর অভিযোগ, জেরুজালেমের কাছে এমন জায়গায় ক্ষেপণাস্ত্র পড়েছে, যেখান থেকে পবিত্র গির্জা, আল-আকসা মসজিদ এবং পশ্চিম প্রাচীরের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানের ক্ষতি হতে পারত। তিনি বলেন, এই স্থানগুলো বিশ্বের বড় বড় ধর্মের কাছে অত্যন্ত পবিত্র, কিন্তু ইরান তা মানেনি।
ডিমোনায় হওয়া প্রথম হামলার তদন্ত করছে ইজরায়েলের বিমান বাহিনী ও গৃহ প্রতিরক্ষা বিভাগ। ডিমোনা নেগেভ মরুভূমিতে অবস্থিত একটি শহর, যা বেয়ারশেবা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে। এই শহরের কাছেই একটি গুরুত্বপূর্ণ পরমাণু গবেষণা কেন্দ্র রয়েছে, যা ইজরায়েলের গোপন পরমাণু কর্মসূচির অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত।
নেতানিয়াহু আরও অভিযোগ করেন, ইরান প্রায় ৪০০০ কিলোমিটার দূরের একটি দ্বীপে যুক্তরাষ্ট্র-ব্রিটেনের সামরিক ঘাঁটিকেও লক্ষ্য করেছে। তাঁর মতে, ইরানের ক্ষেপণাস্ত্র এখন ইউরোপ পর্যন্ত পৌঁছাতে সক্ষম, যা পুরো বিশ্বের জন্য উদ্বেগজনক। পাশাপাশি তিনি বলেন, ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, যার ফলে তেলের সরবরাহে বড় প্রভাব পড়েছে। তাঁর অভিযোগ, ইরান বিশ্বকে তেলের মাধ্যমে চাপের মুখে ফেলতে চাইছে।
.jpg)
No comments:
Post a Comment