নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৫ মার্চ ২০২৬: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন জেলা সফরে ব্যস্ত, ঠিক তখনই ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক শিশুর। মৃত শিশুর বয়স পাঁচ বছর। বুধবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে। শিশু মৃত্যুকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ধূপগুড়ি-জলপাইগুড়িগামী মহাসড়ক। বালি মাফিয়াদের দৌরাত্ম্যেই একরত্তির এই মর্মান্তিক পরিণতি, দাবী স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের নজরদারি এড়িয়ে দিনরাত জলঢাকা নদী থেকে জেসিবি নামিয়ে অবাধে বালি লুট চলছে। সারিবদ্ধ ডাম্পারে করে সেই বালি পাচারের সময়ই আজ ঘটে যায় এই দুর্ঘটনা। ফুঁসে ওঠেন স্থানীয়রা। ঘটনার প্রতিবাদে এবং বালি মাফিয়াদের দৌরাত্ম্য বন্ধের দাবীতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। মুহুর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয়দের কথায়, 'বালু বোঝাই ডাম্পারের দৌরাত্ম্য বাড়ছে। প্রশাসনের কোনও হুঁশ নেই। আজকে এক শিশুকে ডাম্পার পিষে দিয়ে পালিয়ে গেছে।'
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ধূপগুড়ি থানার আইসি-সহ বিশাল পুলিশ বাহিনী। দীর্ঘক্ষণ অবরোধ চলার ফলে মহাসড়কের দু’পাশে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ দফায় দফায় বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ও যানজট মুক্ত করার চেষ্টা চালাচ্ছে।
বঙ্গে ভোটের কাঠে ঢাকি পড়েছে। ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় রাজ্যে নির্বাচন। উত্তরবঙ্গ এই সময়ে পাখির চোখ। একে সামনে রেখে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়েছে শাসক-বিরোধী সব দলই। বর্তমানে জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় প্রার্থীদের সমর্থনে ডাবগ্ৰাম-ফুলবাড়ি ও ময়নাগুড়িতে তাঁর জনসভা। সেই আবহেই ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা।

No comments:
Post a Comment